দুর্নীতির বিরুদ্ধে তরুণদের বিদ্রোহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রিসের সাধারণ নির্বাচনে বিজয়ী হয়েছে বামপন্থী সিরিজা পার্টি। পরাজয় মেনে নিয়েছেন বিদায়ী প্রধানমন্ত্রী অ্যান্টনিস সামারাস। নির্বাচনের এই ফলাফলকে দেশটির অভিজাতদের দুর্নীতির বিরুদ্ধে তরুণদের বিদ্রোহ হিসেবে অভিহিত করেছে যুক্তরাজ্যের প্রভাবশালী পত্রিকা গার্ডিয়ান।
গত রোববার অনুষ্ঠিত নির্বাচনের প্রায় সব ভোট গণনা শেষ হয়েছে। সিরিজা পার্টি ১৪৯টি আসনে জয় পেয়েছে। মাত্র দুটি আসনের জন্য পূর্ণাঙ্গ সংখ্যাগরিষ্ঠতা থেকে বঞ্চিত হয়েছে দলটি। জয়লাভের পর দলটির নেতা আলেক্সিস সিপারা দেশের ‘পাঁচ বছরের অবমাননা ও যন্ত্রণা’র অবসান ঘটানোর প্রতিশ্রুতি দিয়েছেন।
গার্ডিয়ান গতকাল প্রকাশিত এক প্রতিবেদনে বলেছে, মূলত তিনটি কারণেই গ্রিসের নির্বাচনের এই ফলাফল। তা হলো, ইউরোজোনের কৌশলগত সংকট, অভিজাত গ্রিকদের পদ্ধতিগত দুর্নীতি এবং তরুণদের নতুনভাবে চিন্তা করতে পারার সক্ষমতা। এই তিনটি বিষয় দিয়েই ইউরোজোনের সংকট বোঝা সহজ, কেননা বৃহদাকার অর্থনৈতিক পরিসংখ্যানেও ওই তিনটি বিষয়ের ফল সহজেই অনুধাবন করা যায়।
প্রতিবেদনে বলা হয়, ২০১০ সালে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ভবিষ্যদ্বাণী করে যে তাদের দেওয়া সাহায্যের ফলে গ্রিসের অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়বে। কিন্তু ফল হয় উল্টো। প্রবৃদ্ধি বাড়ার পরিবর্তে ২৫ শতাংশ কমে যায়। একই হারে শ্রমিকদের মজুরিও কমে যায় এবং তরুণদের মধ্যে বেকারত্বের হার দাঁড়ায় ৬০ শতাংশে।
গ্রিসের অভিজাত শাসকগোষ্ঠীর দুঃশাসন অর্থনৈতিক সংকটকে দীর্ঘায়িত করেছে। দেশটির শুধু বিখ্যাত বড় বড় জাহাজ ব্যবসায়ীরাই নন, শক্তি ও নির্মাণশিল্প প্রতিষ্ঠান এবং ফুটবল ক্লাবের মালিকেরাও কোনো কর দেননি। কৌশলে এড়িয়ে যাওয়া তাঁদের ওই করের বোঝা ঘাড়ে চাপে ৩৫ লাখ কর্মজীবী জনগোষ্ঠীর ওপর।
শাসকগোষ্ঠীর এই দুঃশাসন ও দুর্নীতির ইস্যুকে রাজনীতিতে সামনে নিয়ে আসাটা সিরিজা পার্টির বড় অর্জন। দলটির নেতা আলেক্সিস সিপারা অভিজাতদের কর এড়ানো এবং দুর্নীতির ইস্যুকে তুলে ধরতে সক্ষম হন এবং তা তরুণদের আলোড়িত করে।