দেনা শোধ না দিলে কী হবে?
ঋণদাতা আন্তর্জাতিক মুদ্রা তহবিলকে (আইএমএফ) গ্রিসের দেড় বিলিয়ন ইউরো (১ দশমিক ৭ বিলিয়ন মার্কিন ডলার) শোধ করার কথা ছিল গতকাল মঙ্গলবারের মধ্যেই। সার্বিক পরিস্থিতি বিবেচনায় এথেন্স এই দেনা শোধ করতে পারছে না বলেই ধরে নেওয়া হচ্ছে। এতে করে একটি ঝুঁকিপূর্ণ পথে পা বাড়াতে হচ্ছে দেশটিকে।
এরই মধ্যে আইএমএফের দ্বিতীয় আর্থিক পুনরুদ্ধার (বেইলআউট) কর্মসূচির মধ্যে রয়েছে গ্রিস। এমন প্রেক্ষাপটে এথেন্স এখন ঋণ শোধ না করতে পারলে তাৎক্ষণিকভাবেই আইএমএফের সেবা ও সুবিধাদি থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে। তাত্ত্বিকভাবে দেখলে, দেশটিকে আন্তর্জাতিক এই আর্থিক প্রতিষ্ঠান থেকে বিতাড়নের পথ ধরিয়েও দেওয়া হবে।
আইএমএফের কাছ থেকে নেওয়া সাড়ে ৫ বিলিয়ন ইউরো এ বছরের মধ্যেই শোধ দিতে প্রতিশ্রুতিবদ্ধ এথেন্স। সময়সীমার মধ্যে দেনা শোধ দিতে না পারলে এথেন্সকে খেলাপি ঘোষণা করবে আইএমএফ। এই ঘোষণার অর্থ, আইএমএফের সম্পদে গ্রিসের প্রবেশাধিকার সঙ্গে সঙ্গে স্থগিত হয়ে যাবে।
আইএমএফের ব্যবস্থাপনা পরিচালন ক্রিস্তিনা লগার্দে জানিয়ে দিয়েছেন, নির্ধারিত সময়ে গ্রিস দেনা শোধ না করলে ৩০ দিন পর বিষয়টি আইএমএফের নির্বাহী বোর্ডকে আনুষ্ঠানিকভাবে জানানো হবে। এই বোর্ড আইএমএফের ১৮৮ সদস্য দেশের প্রতিনিধিত্ব করে। ঋণ শোধের সময়সীমার তিন মাস পর বোর্ড বিষয়টি বিবেচনা করবে। বোর্ডে সেটি গৃহীত হলে গ্রিস আইএমএফের মুদ্রা এসডিআর (স্পেশাল ড্রয়িং রাইটস) ব্যবহারের অধিকার হারাবে। পরিস্থিতি এভাবেই চলতে থাকলে বোর্ড অসহযোগিতা ঘোষণা করতে পারে। এতে করে আইএমএফে গ্রিসের ভোটাধিকার ও প্রতিনিধিত্ব স্থগিত হবে। ভোটাধিকার স্থগিত হওয়ার ছয় মাস বা ঋণখেলাপি হওয়ার ২৪ মাস পেরোলে বোর্ড গ্রিসকে আইএমএফ থেকে বহিষ্কারের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করবে।