‘দেশে জনপ্রিয়তা পুনরুদ্ধারে একটি সফল যুদ্ধের পথ খুঁজছেন পুতিন’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এস্তোনিয়ার প্রধানমন্ত্রী কায়া কাল্লাস
ছবি: রয়টার্স

এস্তোনিয়ার প্রধানমন্ত্রী কায়া কাল্লাস বলেছেন, ব্যাপক সামরিক মহড়ার মধ্য দিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের মনোযোগ টানতে পেরে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আনন্দে আছেন। স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেন তিনি। তিনি বলেন, দেশের ভেতরে জনপ্রিয়তা কমে যাওয়ায় সমর্থন পুনরুদ্ধারে একটি সফল যুদ্ধের পথ খুঁজছেন পুতিন।

ইউক্রেন সীমান্ত থেকে সেনা প্রত্যাহার না করলে রাশিয়াকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ার করেছেন কাল্লাস।

ইউক্রেন সংকট নিয়ে আলোচনা করতে ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়ন নেতাদের বৈঠকের আগে রয়টার্সকে সাক্ষাৎকার দেন কায়া কাল্লাস। ইউক্রেন পরিস্থিতি খুবই ভয়াবহ বলে উল্লেখ করেন তিনি। কায়া কাল্লাস মনে করেন, ইউক্রেন সীমান্তে লক্ষাধিক রুশ সেনা মোতায়েন রেখেই রাশিয়া যদি আলোচনায় অংশ নেয়, তবে তা হবে অস্ত্রের মুখে আলোচনার মতো। তিনি বলেন, ‘আমি রাশিয়ার সঙ্গে যেকোনো আলোচনা নিয়ে উদ্বিগ্ন। রাশিয়াকে কোনো প্রস্তাব দিতে গেলেই আমাদের চোখের সামনে বড় একটি দৃশ্য ভেসে উঠবে। আর তা হলো রাশিয়া ইউক্রেনের দিকে বন্দুক তাক করে রেখেছে। আর অস্ত্রের মুখে আলোচনা হয় না।’

ভ্লাদিমির পুতিন
রয়টার্স ফাইল ছবি

এস্তোনিয়ার প্রধানমন্ত্রীর দাবি, রুশ প্রেসিডেন্ট পুতিন চলমান পরিস্থিতির মধ্য দিয়ে নিজেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে প্রতিষ্ঠা করতে চাইছেন। তিনি বলেন, সাম্প্রতিক বছরগুলোতে দেশের ভেতরে জনপ্রিয়তা কমে যাওয়ায় সমর্থন পুনরুদ্ধারে একটি সফল যুদ্ধের পথ খুঁজছেন রুশ প্রেসিডেন্ট। রয়টার্সের এক জরিপে দেখা গেছে, করোনা মহামারি পরিস্থিতি সামলাতে ব্যর্থতার জন্য দেশের ভেতরে তোপের মুখে আছেন পুতিন। রাশিয়ায় এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে সাত লাখের বেশি মানুষের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত মাত্র অর্ধেক জনসংখ্যাকে টিকা দিতে পেরেছে দেশটি।

কাল্লাসের ভাষ্য অনুযায়ী, যখন কারও জনপ্রিয়তা কমে যায়, তখন একটি যুদ্ধের সাফল্য দেখিয়ে সমর্থন জোরালো করার চেষ্টা করা হয়। এর আগেও রুশ প্রশাসন এ উপায় ব্যবহার করেছিল। এখনকার ঘটনাগুলোও নিশ্চিতভাবেই এর সঙ্গে সম্পর্কিত বলে মনে করেন তিনি।

এস্তোনিয়ার প্রধানমন্ত্রী বলেন, ‘আমি মনে করি, পশ্চিমা বিশ্বের মনোযোগের কেন্দ্রবিন্দুতে থাকতে পেরে তিনি (পুতিন) নিশ্চিতভাবেই মজা পাচ্ছেন। কারণ, কয়েক বছর ধরে তিনি অনেকটা উপেক্ষিত ছিলেন। আর এখন বিভিন্ন পশ্চিমা দেশের নেতারা তাঁর সঙ্গে দেখা করছেন, তিনি কী ভাবছেন বা কী করতে পারেন, তা নিয়ে সবাই কথা বলছেন। আর এর মধ্য দিয়ে তিনি নিশ্চিতভাবেই খুব গুরুত্বপূর্ণ ব্যক্তিতে পরিণত হয়েছেন।’

সম্প্রতি ইউক্রেন সীমান্তে রাশিয়ার সেনা মোতায়েন নিয়ে মস্কোর সঙ্গে পশ্চিমাদের উত্তেজনা দেখা দেয়। পশ্চিমাদের দাবি, ইউক্রেন সীমান্তে লক্ষাধিক সেনা মোতায়েন করেছে রাশিয়া। তারা যেকোনো সময় ইউক্রেনে হামলা চালাতে পারে। তবে রাশিয়া শুরু থেকেই পশ্চিমাদের এমন অভিযোগ অস্বীকার করে আসছে। মস্কোর ভাষ্য, সামরিক মহড়ার অংশ হিসেবে ইউক্রেন সীমান্তে সেনা সমাবেশ ঘটানো হয়েছে।

ইউক্রেন ইস্যুতে ইতিমধ্যে ফরাসি ও জার্মান নেতার সঙ্গে পুতিনের বৈঠক হয়েছে। বুধবার ব্রাজিলের প্রেসিডেন্ট জইর বলসোনারোও পুতিনের সঙ্গে কথা বলতে মস্কোতে ছুটে গেছেন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গেও বেশ কয়েকবার ফোনালাপ হয়েছে রুশ প্রেসিডেন্টের।

চলমান এ সংকটে একমাত্র রাশিয়াই এখন উত্তেজনা নিরসন করতে পারে বলে মনে করেন কাল্লাস। তিনি বলেন, ‘রাশিয়াই এ পরিস্থিতি তৈরি করেছে। তারাই এখন তা নিরসনে পদক্ষেপ নিতে পারে।’