দেশে ফিরেছেন যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কৃত রুশ কূটনীতিকেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কৃত হওয়া ৩৫ জন রুশ কূটনীতিক নিজ দেশে ফিরেছেন। তাঁদের নিয়ে একটি বিমান গতকাল সোমবার মস্কোয় পৌঁছায়। রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়।
টেলিভিশনের খবরে বলা হয়, রুশ কূটনীতিক ও তাঁদের স্বজনদের নিয়ে রোববার ওয়াশিংটন থেকে যাত্রা করা বিমানটি স্থানীয় সময় সোমবার রাত দুইটার দিকে মস্কোর উনোকভো বিমানবন্দরে অবতরণ করে।
মার্কিন গোয়েন্দাদের অভিযোগ, ডেমোক্রেটিক পার্টি ও দলটির প্রার্থী হিলারি ক্লিনটনের নির্বাচনসংশ্লিষ্ট ই-মেইল হ্যাকিং ও সেগুলো প্রকাশ করার নির্দেশ ক্রেমলিন দিয়েছিল। যদিও মস্কো এসব অভিযোগ ক্রমাগত অস্বীকার করেই গেছে।
বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা নিজ মেয়াদের শেষ সপ্তাহে নিষেধাজ্ঞার একটি প্যাকেজ জারি করেন। এর মধ্যে ছিল রুশ কূটনীতিকদের বহিষ্কারাদেশও। এর জবাবে মার্কিন প্রেসিডেন্টের ‘অবন্ধুসুলভ পদক্ষেপের’ নিন্দা করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আঘাতের পাল্টা আঘাত কিংবা রাশিয়া থেকে মার্কিন কূটনীতিকদের বহিষ্কার করার অধিকার রাশিয়াও রাখে বলে জানিয়ে ক্রেমলিন বলেছে, নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতিকে দেখেই মস্কো পরবর্তী পদক্ষেপ নেবে।