দেড় হাজার বছরের পুরোনো কঙ্কালে কৃত্রিম পা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ থেকে পাক্কা প্রায় দেড় হাজার বছর আগে অস্ট্রিয়ায় এমন একজন লোক বাস করতেন, যাঁর শরীরে কৃত্রিম পা লাগানো হয়েছিল। মৃত্যুর কিছুদিন আগে লোকটি তাঁর বাঁ পায়ের পাতা হারিয়েছিলেন। সেই জায়গায় লোহা আর কাঠ দিয়ে বানানো একটি কৃত্রিম পাতা বসিয়ে দেওয়া হয়েছিল। তা দিয়ে তিনি ভালোভাবেই হাঁটাচলা করতেন। খবর ওয়াশিংটন পোস্টের।
দক্ষিণ অস্ট্রিয়ার হেমাবার্গ এলাকায় প্রাচীন কবর খুঁড়ে পাওয়া একটি কঙ্কালের প্রত্নতাত্ত্বিক বিশ্লেষণ করে গবেষকেরা এমনটাই দাবি করেছেন।
২০১৩ সালে কবর থেকে কঙ্কালটি তোলা হয়। এর প্রত্নতাত্ত্বিক বিশ্লেষণ করে সম্প্রতি একটি প্রতিবেদন তৈরি করা হয়। প্রতিবেদনটি ইন্টারন্যাশনাল জার্নাল অব প্যালিওপ্যাথলজিতে ছাপা হওয়ার কথা। এতে গবেষকেরা বলেছেন, ইউরোপে এ পর্যন্ত যত কৃত্রিম পা লাগানো কঙ্কাল পাওয়া গেছে, সেগুলোর মধ্যে এটাই সবচেয়ে প্রাচীন। তাঁরা বলেছেন, কঙ্কালটি বিশ্লেষণ করে তাঁরা বুঝতে পেরেছেন, লোকটি ছিলেন মাঝ বয়সের। পা হারানোর পর দুই বছরের মতো তিনি বেঁচে ছিলেন।
অস্ট্রিয়ান আর্কিওলজিক্যাল ইনস্টিটিউটের জৈব প্রত্নতাত্ত্বিক মিশায়েলা বিন্ডার বলেছেন, ষষ্ঠ শতকের ওই লোকটির কবরে একটি তলোয়ার ছিল। এ থেকে ধারণা করা হচ্ছে, তিনি অভিজাত শ্রেণির কেউ ছিলেন।