দেড় হাজার শরণার্থীকে উদ্ধার করেছে ইতালি ও লিবিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইতালির কোস্টগার্ড সিসিলি প্রণালি এলাকায় গতকাল রোববার চারটি পৃথক অভিযান চালিয়ে অন্তত ৯০০ জন শরণার্থী ও অভিবাসীকে উদ্ধার করেছে। এ সময় একটি লাশও পাওয়া যায়। আর লিবিয়ার কর্তৃপক্ষ বলছে, তারা চারটি নৌকা থেকে প্রায় ৬০০ জনকে উদ্ধার করেছে। এর মধ্যে একটি নৌকা ডুবে গিয়েছিল। চার নারীর লাশ মিলেছে। নৌকাগুলোর কয়েকজন আরোহী এখনো নিখোঁজ।
ইউরোপে গত বছর দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী সবচেয়ে বড় শরণার্থী সংকট শুরু হয়। চলতি বছর এ পর্যন্ত সেখানে ১২ লাখ শরণার্থী ও অভিবাসী প্রবেশ করেছে। তাদের অধিকাংশই আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের নাগরিক।
ইতালির দক্ষিণ উপকূল এবং উত্তর আফ্রিকার মধ্যবর্তী সাগর থেকে শরণার্থী ও অভিবাসীদের উদ্ধারের অভিযান অব্যাহত রেখেছে ইতালির কোস্টগার্ড। আফ্রিকা থেকে ভূমধ্যসাগর পেরিয়ে ইউরোপে পৌঁছানোর জন্য অধিকাংশ শরণার্থীই তুলনামূলক কম ঝুঁকিপূর্ণ সমুদ্রপথ হিসেবে গ্রিস থেকে যাত্রা করে। তবে লিবিয়ায় সক্রিয় মানব পাচারকারী চক্রগুলো ভূমধ্যসাগর পথে বিপজ্জনক নৌকায় তুলে শরণার্থীদের পাঠানোর চেষ্টা করে। ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) সতর্ক করে দিয়ে বলেছে, লিবিয়ায় ওই চোরাচালানিদের তৎপরতা বন্ধ না করলে ইউরোপের শরণার্থী সংকট আরও জটিল রূপ নিতে পারে।
লিবিয়ার নৌবাহিনীর মুখপাত্র আয়ুব কাসেম বলেন, পশ্চিমাঞ্চলীয় উপকূল থেকে গতকাল উদ্ধার করা শরণার্থীদের মধ্যে সাব-সাহারান আফ্রিকার দেশগুলোর মানুষ এবং বাংলাদেশের কয়েকজন রয়েছেন। গত বুধবার থেকে শুক্রবার পর্যন্ত আরও ৫৫০ জনকে উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার ১৭ জনকে একটি নৌকা থেকে আহত অবস্থায় উদ্ধার করা হয়। নৌকাটিতে আগুন ধরে গিয়েছিল।