দ্বার খুলে দাও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরীয় শিশু আয়লানের বাবা আবদুল্লাহ। ছবি: রয়টার্স
সিরীয় শিশু আয়লানের বাবা আবদুল্লাহ। ছবি: রয়টার্স

গৃহযুদ্ধের কারণে পলায়নরত সিরীয় শরণার্থীদের জন্য দরজা খুলে দিতে বিশ্বের প্রতি আহ্বান জানিয়েছেন সাগরে ডুবে মারা যাওয়া আলোচিত শিশু আয়লানের বাবা। আজ বুধবার বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
মা-বাবার সঙ্গে গ্রিসে পাড়ি জমাতে গিয়ে সাগরজলে ডুবে মারা যায় তিন বছরের সিরীয় শিশু আয়লান। তাঁর নিথর দেহ তুরস্কের সমুদ্রসৈকতে ভেসে ওঠে। আয়লানের মরদেহের ছবি গণমাধ্যমে প্রকাশিত হলে বিশ্বব্যাপী গণমানুষের হৃদয় নাড়া দেয়। সৃষ্টি হয় তুমুল আলোড়ন। আয়লান হয়ে ওঠে বৈশ্বিক শরণার্থী সংকটের মূর্ত প্রতীক।
সিরিয়ায় চলমান গৃহযুদ্ধের কারণে দেশ ছেড়ে আবদুল্লাহ কুর্দি তাঁর স্ত্রী ও আয়লানসহ দুই শিশুপুত্রকে নিয়ে তুরস্কে যান। পরিবারটি তুরস্ক থেকে নৌকায় করে গ্রিসের উদ্দেশে রওনা হয়। কিন্তু সাগরে নৌকাটি ডুবে গেলে আবদুল্লাহ ছাড়া বাকি তিনজন মারা যায়।
ওই ঘটনার পরই ইউরোপীয় দেশগুলো শরণার্থী সংকট মোকাবিলায় তৎপর হয়। ইউরোপের কোনো কোনো দেশ শরণার্থীদের জন্য তাদের দরজা খুলে দেয়। আবার কোনো কোনো দেশ শরণার্থীদের ব্যাপারে অনমনীয় অবস্থানে অনড় থাকে।
আয়লানের বাবা আবদুল্লাহ বিশ্বের কাছে একটি ভিডিও বার্তা দিয়েছেন। বড়দিনে তা প্রচার করা হবে। এতে তিনি বলেন, ‘আমার বার্তা হলো, আমি চাই সিরিয়ানদের জন্য সারা বিশ্ব তাদের দরজা খুলে দিক। যদি কেউ কারও মুখের ওপর দরজা বন্ধ করে দেয়, তবে তা খুব কঠিন।’
আবদুল্লাহ বলেন, ‘বছরের এই সময়ে আমি আপনাদের বলতে চাই, আপনারা সেই সব বাবা, মা ও শিশুদের যন্ত্রণার কথা চিন্তা করুন, যারা শান্তি ও নিরাপত্তা চায়। আমরা আপনাদের কাছ থেকে একটু সহানুভূতি চাই।’

আবদুল্লাহর ওই বার্তার বিবরণ যুক্তরাজ্যের চ্যানেল ফোর প্রকাশ করেছে।

চলতি বছর ১০ লাখের বেশি শরণার্থী ও অভিবাসনপ্রত্যাশী ইউরোপে পাড়ি জমিয়েছে। এ কাজ করতে গিয়ে তাদের মধ্যে অনেকেই সমুদ্রপথে জীবনের ঝুঁকি পর্যন্ত নিয়েছেন। এই শরণার্থীদের প্রায় অর্ধেক সিরিয়ার অধিবাসী।