দ্বিতীয় দফায় জিতলে প্রতিদ্বন্দ্বীকে প্রধানমন্ত্রী বানাবেন লো পেন
ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনে কট্টর ডানপন্থী প্রার্থী মারিন লো পেন গত শনিবার ঘোষণা দিয়েছেন, তিনি ৭ মে অনুষ্ঠেয় দ্বিতীয় দফা ভোটে জিতে প্রেসিডেন্ট হলে নির্বাচনে হেরে যাওয়া এক প্রতিদ্বন্দ্বীকে নতুন সরকারের প্রধানমন্ত্রী করবেন।
লো পেন বলেছেন, নিজ দল ন্যাশনাল ফ্রন্টের (এফএন) বাইরের একজনকে প্রধানমন্ত্রীর পদ দেবেন তিনি। এ পদে তাঁর পছন্দের ওই রাজনীতিক নিকোলা দুপোঁ-আইনোঁ। প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম দফা ভোটে মাত্র ৪ দশমিক ৭ শতাংশ ভোট পেয়ে হেরে গিয়েছেন দুপোঁ-আইনোঁ।
লো পেন বলেছেন, দুপোঁ-আইনোঁর সঙ্গে তাঁর লক্ষ্যের মিল রয়েছে। তাঁরা অভিন্ন উদ্দেশ্যে একসঙ্গে কাজ করতে পারবেন এবং একটি জাতীয় ঐক্যের সরকার গঠন করবেন।
৪৮ বছর বয়সী লো পেন ক্ষমতায় গেলে ফ্রান্সকে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে বের করে নেওয়ার লক্ষ্যে গণভোট আয়োজনের অঙ্গীকার করেছেন।
৫৬ বছর বয়সী দুপোঁ-আইনোঁ জাতীয়তাবাদী দল দোবু লা ফ্রঁসের (ফ্রান্স স্ট্যান্ড আপ) নেতৃত্ব দিচ্ছেন। তিনি ইউরোপের একক মুদ্রা ইউরো ত্যাগের পক্ষে কথাবার্তা বলে থাকেন।