দ্বিতীয় বিশ্বযুদ্ধের বোমা অকেজো করতে...
সম্প্রতি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার বড়সড় একটি বোমার সন্ধান মিলেছে গ্রিসে। সেটি অকেজো করতে গতকাল রোববার উদ্যোগ নেয় দেশটির সেনারা। এর আগে ওই এলাকা থেকে হাজার হাজার লোককে সরিয়ে নেওয়া হয়। বলা হচ্ছে, এ ধরনের ঘটনা গ্রিসে নজিরবিহীন।
গত সপ্তাহে সড়কে সংস্কারকাজ চলছিল গ্রিসের দ্বিতীয় বৃহত্তম শহর থেসালুনিখিতে। সে সময় উত্তরের বন্দর শহরটির একটি পেট্রলস্টেশনের কাছে উদ্ঘাটিত হয় প্রায় আড়াই শ কেজি ওজনের বিস্ফোরকপূর্ণ একটি বোমা। বোমাটি নিষ্ক্রিয় করতে এর কাছাকাছি প্রায় ২ কিলোমিটার এলাকা থেকে লোকদের সরিয়ে নিতে আনুমানিক ৭০ হাজার লোককে স্থানান্তর কার্যক্রমের আওতায় আনা হয়। গত শুক্রবার আঞ্চলিক নিরাপত্তা-প্রধান আপোসতোলস জিজিকোসতাস বলেন, এই অভিযানে লোকজনকে স্থানান্তর করা ‘বাধ্যতামূলক’। আপোসতোলস বলেছেন, এমন ঘনবসতিপূর্ণ এলাকায় এর আগে কখনো এ রকম বিশাল আকৃতির বোমা পাওয়া যায়নি।
এদিকে স্টেলিওস ওরফানস নামের এক দোকানদার গতকাল বলেছেন, ওই এলাকার লোকজন চাইলে ঘরেও থাকতে পারেন যদি তাঁরা বোমাটি নিষ্ক্রিয় হওয়ার আগ পর্যন্ত ঘরের দরজা-জানালা সব বন্ধ করে রাখেন। ওই দোকানদার এও বলেছেন, অনেকেই চুরির ভয়ে এমনটিই করছেন।
ওই বোমা নিষ্ক্রিয় করতে গতকাল মাইন অপসারণ দল ঘটনাস্থলে যায়। কিন্তু সেখানে অনুমতি ছাড়া বসানো ক্যামেরার কারণে অভিযান শুরু হতে বেশ দেরি হয়ে যায়। পুলিশ সেই ক্যামেরাটি সরানোর পর শুরু হয় অভিযান। জানা যায়, স্থানীয় এক গণমাধ্যম ঘটনাটির কাভারেজ দেওয়ার উদ্দেশ্যে না জানিয়ে ক্যামেরাটি বসিয়েছিল। স্থানীয় কর্তৃপক্ষ জানায়, অভিযানটি সম্পন্ন হতে রোববার সারা দিন লেগে যেতে পারে।
গ্রিসের গণমাধ্যমের খবর অনুযায়ী, ওই বোমাটি পড়েছিল ব্রিটিশ উড়োজাহাজ থেকে, ১৯৪৩ সালে, থেসালুনিখি শহরের কাছাকাছি রেলওয়ে স্টেশন ও বন্দরে বিমান হামলার সময়ে। যদিও গ্রিস সেনাবাহিনী এর সত্যতা নিশ্চিত করেনি কিংবা এমনটি নয় বলে উড়িয়েও দেয়নি।