দ্বিতীয়বার করোনা শনাক্ত প্রিন্স চার্লসের
দ্বিতীয়বার করোনায় আক্রান্ত হয়েছেন যুক্তরাজ্যের প্রিন্স চার্লস। করোনা পজিটিভ হওয়ার পর আয়োসলেশনের আছেন তিনি। স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার প্রিন্স চার্লসের দপ্তরের পক্ষ থেকে টুইটার বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
প্রিন্স চার্লসের দপ্তর সংবাদমাধ্যমকে জানায়, বৃহস্পতিবার যুক্তরাজ্যের উইনচেস্টারে একটি আয়োজনে যোগ দেওয়ার কথা ছিল ৭৩ বছর বয়সী প্রিন্স চার্লসের। অসুস্থ বোধ করায় করোনার পরীক্ষা করান তিনি। বৃহস্পতিবার সকালে ফলাফল পজিটিভ আসে। তাই শেষ মুহুর্তে ওই আয়োজনে তাঁর যোগদান বাতিল করা হয়।
তবে প্রিন্স চার্লসের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। এর আগে ২০২০ সালের মার্চে তিনি প্রথমবার করোনায় আক্রান্ত হন। তখন তাঁর মৃদু উপসর্গ ছিল।
গত বুধবার সন্ধ্যায় ব্রিটিশ মিউজিয়ামে একটি আয়োজনে যোগ দিয়েছিলেন প্রিন্স চার্লস। সেখানে প্রিন্স চার্লসের সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী ডাচেস অব কর্ণওয়েল ক্যামিলা ও যুক্তরাজ্যের অর্থমন্ত্রী ঋষি সুনাক। করোনা পরীক্ষায় ক্যামিলার নেগেটিভ ফলাফল এসেছে।
উল্লেখ্য, দুই দিন আগে ৯৫ বছর বয়সী রানি দ্বিতীয় এলিজাবেথের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন প্রিন্স চার্লস। বয়স ও শারীরিক অবস্থা বিবেচনায় আগাম সুরক্ষার জন্য অনেক আগে থেকেই উইন্ডসর প্রাসাদে আয়োসলেশনে আছেন রানি এলিজাবেথ। সম্প্রতি তিনি তাঁর ব্রিটিশ সিংহাসনে আরোহণের ৭০তম বার্ষিকী উদযাপন করেছেন।