দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী হওয়া নিয়ে আশাবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক ও আঞ্চলিক স্বার্থসংশ্লিষ্ট ইস্যুতে মস্কো ও তেহরান একসঙ্গে কাজ করবে। রাশিয়া ও ইরানের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক ভবিষ্যতে আরও শক্তিশালী হবে। ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানির রাশিয়া সফরকালে তাঁর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের পর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এ কথা বলেছেন।
মঙ্গলবার মস্কোর ক্রেমলিনে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে দুই দেশের শীর্ষ নেতাদের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈশ্বিক সন্ত্রাসবাদ মোকাবিলা, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, বাণিজ্য ও বিনিয়োগ, জ্বালানি ও যোগাযোগ অবকাঠামো উন্নয়ন এবং বিভিন্ন আন্তর্জাতিক সমস্যা তাঁদের আলোচনায় স্থান পায়।
ইরানের প্রেসিডেন্টের সঙ্গে অনুষ্ঠিত এ বৈঠককে ‘বহুমাত্রিক ও ইতিবাচক’ হিসেবে উল্লেখ করে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, রাশিয়া-ইরান দ্বিপক্ষীয় সম্পর্ক পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সহযোগিতার ওপর ভিত্তি করে গড়ে উঠেছে। ইরানের প্রেসিডেন্টের এ সফর দুই দেশের মধ্যে রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক সম্পর্ক আরও জোরদার করবে। তিনি আরও বলেন, আন্তর্জাতিক ও আঞ্চলিক নিরাপত্তা ইস্যুতে ইরান গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। রাজনৈতিক উপায়ে সিরিয়া সংকট সমাধানের জন্য রাশিয়া, ইরান ও তুরস্কের উদ্যোগে কাজাখস্তানের আস্তানায় যে সংলাপের আয়োজন হয়েছিল, তা দীর্ঘ দিনের গৃহযুদ্ধ বন্ধের সুযোগ সৃষ্টি করেছে।
দ্বিপক্ষীয় বৈঠকের পর ভ্লাদিমির পুতিন ও হাসান রুহানি যৌথ সংবাদ সম্মেলনে অংশ নেন। দুই দেশের প্রেসিডেন্টের উপস্থিতিতে অর্থনৈতিক, বাণিজ্যিক, যোগাযোগ, জ্বালানিসহ বিভিন্ন খাতে ১৬টি চুক্তি সই হয়। এ ছাড়া আন্তর্জাতিক নানা গুরুত্বপূর্ণ ইস্যুতে মস্কো-তেহরান যৌথ অংশীদারত্ব সংলাপের যৌথ ঘোষণায় সই করে।
ভ্লাদিমির পুতিনের আমন্ত্রণে সাড়া দিয়ে দুই দিনের রাষ্ট্রীয় সফরে মস্কো আসেন ইরানের প্রেসিডেন্ট। রাশিয়ায় হাসান রুহানির এটাই প্রথম রাষ্ট্রীয় সফর।