দ্রুত সরকার গঠনের আহ্বান এরদোয়ানের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তুরস্কে যত শিগগির সম্ভব নতুন সরকার গঠনের জন্য রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। পার্লামেন্ট নির্বাচনের পর গতকাল বৃহস্পতিবার টেলিভিশনে সম্প্রচারিত এ বক্তব্যের মধ্য দিয়ে তিনি এ বিষয়ে নীরবতা ভাঙলেন। খবর এএফপি ও রয়টার্সের।
এরদোয়ান বলেন, সাংবিধানিক প্রক্রিয়া অনুসরণ করে শিগগিরই একটি সরকার গঠন করতে হবে। এ জন্য প্রত্যেকেরই নিজ নিজ অহংবোধ উপেক্ষা করে তৎপর হওয়া উচিত।
এরদোয়ানের সমর্থনপুষ্ট দল এত দিন ক্ষমতায় থাকা ইসলামপন্থী জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি (একেপি) এবারের নির্বাচনে প্রত্যাশিত সাফল্য পায়নি। ফলে অন্য দলগুলোর সমন্বয়ে নতুন জোট সরকার গঠনের প্রয়োজনীয়তা দেখা দেয়।
প্রধানমন্ত্রী দাভুতোগলু বলেছেন, তিনি কুর্দি-সমর্থিত দল পিপলস ডেমোক্রেটিক পার্টিসহ (এইচডিপি) নির্বাচনে আসন পাওয়া তিনটি দলের সঙ্গে বৈঠক করবেন। তবে নির্বাচনে প্রত্যাশার চেয়ে ভালো করা এইচডিপি গতকাল বলেছে, তারা একেপি ছাড়া অন্য যেকোনো দলের সঙ্গে জোট সরকার গঠনের আলোচনা করতে পারে। আর প্রেসিডেন্ট এরদোয়ানের উচিত তাঁর সাংবিধানিক সীমারেখার মধ্যেই থাকা।
গতকাল তুর্কি প্রধানমন্ত্রী আহমেত দাভুতোগলু মন্তব্য করেন, জোট সরকার তুরস্কের জন্য উপযোগী নয়। তবে সিদ্ধান্ত নেওয়ার জন্য একেপির সামনে সব পথ খোলা রয়েছে। এর মাধ্যমে তিনি দৃশ্যত জোট করার ব্যাপারে নমনীয়তাই প্রকাশ করলেন।
জোট সরকার গঠনের ব্যাপারে আলোচনা ব্যর্থ হলে আগাম নির্বাচনের জন্যও একেপির প্রস্তুতি রয়েছে।
৫৫০ আসনের পার্লামেন্টে একেপি পেয়েছে ২৫৮টি। ১৩ বছরের মধ্যে এবারই কম আসন পেল দলটি। রিপাবলিকান পিপলস পার্টি (সিএইচপি) ১৩২ এবং ন্যাশনালিস্ট মুভমেন্ট পার্টি ও এইচডিপি ৮০টি করে আসনে জয়ী হয়েছে।