
আর দশটা রেস্তোরাঁর মতো সেখানেও সকালের নাশতা আর দুপুরের খাবারের আয়োজন থাকে। কিন্তু রাত নেমে আসতেই বদলে যায় কার্যক্রম। তখনও খাওয়াদাওয়া চলে। তবে সাদা চোখে সব একই রকম লাগলেও সে সময়ের খদ্দেররা সব সহায়-সম্বলহীন মানুষ। ‘রবিন হুড’ নামের এই রেস্তোরাঁ ইংরেজি লোকগাথার নায়ক রবিন হুডের মতো করেই অনেকটা ধনীদের পয়সায় গরিবের খাবারের আয়োজন করে।
ইংল্যান্ডের মধ্যযুগের শেষদিকের দস্যু রবিন হুড তির ছোড়া আর তলোয়ার চালনায় সুদক্ষ ছিলেন। তিনি ধনীদের কাছ থেকে সম্পদ লুট করে গরিবদের মধ্যে বিলিয়ে দিতেন। এই কাজ তাঁকে শাসকদের চোখের কাঁটা করে তুললেও সাধারণ মানুষের কাছে নায়ক করে তোলে।
স্পেনের রাজধানী মাদ্রিদে মেনসাহেরোস দে লা পাস নামে স্থানীয় একটি দাতব্য সংস্থা রেস্তোরাঁটি প্রতিষ্ঠা করেছে। স্প্যানিশ ভাষায় ‘মেনসাহেরোস দে লা পাস’-এর অর্থ শান্তির দূত। ৫৪ বছর আগে দাতব্য সংস্থাটি গড়ে তোলেন ফাদার অ্যাঞ্জেল গার্সিয়া রদ্রিগেজ (৭৯)। এ রেস্তোরাঁ সম্পর্কে তিনি বলেন, ‘অনুপ্রেরণাটা এসেছে পোপ ফ্রান্সিসের কাছ থেকে, যিনি বারবার খাবার অথবা কাজের সংস্থান করে মানুষকে মর্যাদা দেওয়ার কথা বলেছেন। কাজেই আমরা ভাবলাম পরিপাটি টেবিল-ক্লথ, পরিচ্ছন্ন ছুরি-চামচ আর ওয়েটার নিয়ে একটি রেস্তোরাঁ কেন খুলব না, যেখানে সহায়-সম্বলহীন মানুষ খেতে আসবে আর অন্য সবার মতোই সম্মান পাবে?’
অর্থনৈতিক সংকটের কারণে স্পেনে সাধারণ মানুষের জীবনমান নিম্নগামী। ইউরোপে তরুণদের বেকারত্বের হারের দিক থেকে এই দেশ এখন শীর্ষে। এই সংকটের সময়ে অন্য আর সব দাতব্য সংস্থার মতো মেনসাহেরোস দে লা পাসও মানবিক বিষয়গুলো নিয়ে কাজ করছে। ফাদার রদ্রিগেজের গির্জায় ২০০ গৃহহীন মানুষকে সকালের নাশতা এবং দুপুরের খাবার খাওয়ানো হয়। আর রাতে রবিন হুড রেস্তোরাঁয় দুই দফায় এমন ১০০ মানুষকে খাওয়ানো হয়।
যাজক রদ্রিগেজ স্বীকার করেন, রবিন হুডের নামে রেস্তোরাঁ খোলায় কেউ কেউ ক্ষুব্ধ হতে পারেন। তবে তাঁরা কোনো মতেই ধনীদের সম্পদ লুট করার মানসে রেস্তোরাঁটি প্রতিষ্ঠা করেননি। নিছক লোকের দৃষ্টি আকর্ষণের জন্যই এমন নাম দেওয়া।