ধারণক্ষমতার 'সর্বোচ্চ সীমার কাছে' মিউনিখ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তীরের মাত্র ১০০ মিটার দূরে এসে চুপসে গিয়ে তলিয়ে যেতে শুরু করে সিরীয় শরণার্থীদের রাবারের ডিঙি নৌকাটি। খুব ছোট একটি শিশুকে কোলে নিয়ে লাইফটিউবের সাহায্যে সাঁতরে বাঁচার চেষ্টা করছেন একজন শরণার্থী। ছবিটি গ্রিসের লেসবস দ্বীপের কাছ থেকে গতকাল তোলা। রয়টার্স
তীরের মাত্র ১০০ মিটার দূরে এসে চুপসে গিয়ে তলিয়ে যেতে শুরু করে সিরীয় শরণার্থীদের রাবারের ডিঙি নৌকাটি। খুব ছোট একটি শিশুকে কোলে নিয়ে লাইফটিউবের সাহায্যে সাঁতরে বাঁচার চেষ্টা করছেন একজন শরণার্থী। ছবিটি গ্রিসের লেসবস দ্বীপের কাছ থেকে গতকাল তোলা। রয়টার্স

ইউরোপমুখী শরণার্থীদের স্রোত মূলত যে দেশটিতে গিয়ে শেষতক থামছে, সেই জার্মানির মিউনিখ শহরের কর্তৃপক্ষ বলছে, এসব মানুষকে আশ্রয় দিতে ধারণক্ষমতার সর্বোচ্চ সীমার কাছাকাছি পৌঁছে গেছে তারা।
শরণার্থীদের আশ্রয় দিতে ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশগুলোর জন্য বেঁধে দেওয়া কোটা এখনো মেনে নিতে নারাজ কয়েকটি দেশ। তুলনামূলকভাবে বেশি সমৃদ্ধ ও শরণার্থীদের ব্যাপারে উদার মনোভাব দেখানোর কারণে সবাই জার্মানিতে যেতে আগ্রহী। এমন প্রেক্ষাপটে শরণার্থীদের প্রবল স্রোতের ফলে সৃষ্ট সমস্যা সমাধানে আজ সোমবার ইইউভুক্ত দেশগুলোর স্বরাষ্ট্রমন্ত্রীরা বসছেন জরুরি বৈঠকে। খবর এএফপি, রয়টার্স ও বিবিসির।
হাঙ্গেরি ও অস্ট্রিয়া হয়ে জার্মানিতে আসা শরণার্থীদের বড় অংশ ঢুকছে দক্ষিণাঞ্চলীয় ব্যাভারিয়া রাজ্যের মিউনিখে। গত শনিবারই শহরটিতে পৌঁছেছে ১৩ হাজার ১৫ জন শরণার্থী। গতকাল আরও ১ হাজার ৪০০ জন আসবে বলে ধারণা করছিল নগর কর্তৃপক্ষ। মিউনিখ পুলিশের এক মুখপাত্র গতকাল বলেন, ‘গতকাল যে হারে শরণার্থী এসেছে, তা থেকে এটা স্পষ্ট যে এ শহরের ধারণক্ষমতার সর্বোচ্চ সীমায় পৌঁছে গেছি আমরা।’

এদিকে উদ্বেগ প্রকাশ করে জার্মানির কেন্দ্রীয় পরিবহনমন্ত্রী আলেক্সান্দার দোব্রিনভ বলেছেন, ‘জনস্রোত বন্ধ করতে এখন কার্যকর ব্যবস্থা নিতে হবে।’ গতকাল এক বিবৃতিতে তিনি বলেন, ‘কার্যকর ব্যবস্থার মধ্যে আছে শরণার্থীরা যেসব দেশ থেকে আসছে তাদের সহায়তা করা। আবার আমাদের নিজেদের সীমান্তেও কড়াকড়ি আরোপ করতে হবে।’ ইইউ তার দেশগুলোর সীমান্ত রক্ষায় পুরোপুরি ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেন মন্ত্রী।

আপার ব্যাভারিয়া অঞ্চলের প্রেসিডেন্ট ক্রিস্তোফ হিলেনব্রান্ড বলেন, ‘আমরা জানি না, কেমন করে পরিস্থিতি সামাল দেব। মিউনিখ বিপর্যয়ের প্রান্তে।’

রাজ্যের সরকারি টেলিভিশন চ্যানেল বিআরে বলা হয়েছে, শহরটি মানবিক বিপর্যয়ের কাছাকাছি।

নৌকাটির ডুবে যাওয়ার দৃশ্য  রয়টার্স
নৌকাটির ডুবে যাওয়ার দৃশ্য রয়টার্স

ইউরোপের অর্থনীতির অন্যতম প্রধান শক্তি হিসেবে পরিচিত জার্মানিতে এ বছর সাড়ে চার লাখ শরণার্থী আশ্রয় নিয়েছে। সাম্প্রতিক সময়ে শরণার্থীদের স্রোত বাড়তে থাকলে জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল যুদ্ধবিধ্বস্ত সিরিয়ার জন্য দেশটির অভিবাসন আইন শিথিল করেন এবং মোট আট লাখ শরণার্থী গ্রহণ করার ঘোষণা দেন। তবে মেরকেলও গত শনিবার এথেন্সে ইইউভুক্ত দেশগুলোর সীমান্ত সুরক্ষার আহ্বান জানিয়েছেন।
এদিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে ইউরোপের সবচেয়ে বড় এই শরণার্থী সমস্যা নিয়ে ইইউভুক্ত দেশগুলোর মতবিরোধ কাটছে না। চাপের মুখে ইউরোপীয় কমিশন জোটের ২৮ দেশের জন্য ১ লাখ ৬০ হাজার শরণার্থীকে আশ্রয় দিতে কোটা বেঁধে দেয়। এ কোটা মেনে নিতে নারাজ পূর্ব ইউরোপের কয়েকটি দেশ।
চেক প্রজাতন্ত্রের প্রধানমন্ত্রী বাহুস্লাভ সোবোতকা বলেছেন, ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে শরণার্থীদের আশ্রয় দেওয়ার জন্য যে কোটা নির্ধারণ করা হয়েছে, তা টিকবে না। গতকাল এক টেলিভিশন বিতর্কে এ কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, ‘আশ্রয়প্রার্থীরা কেউই হাঙ্গেরি, স্লোভাকিয়া, রোমানিয়া বা আমাদের দেশে থাকতে চায় না। তাদের উদ্দেশ্য জার্মানি বা সুইডেনে থাকা। তাই এ কোটা কোনোভাবেই কাজ করবে না।’
এদিকে গত শনিবার আরও ৪ হাজার ৩৩০ জন শরণার্থী আসে হাঙ্গেরিতে। এর মধ্য দিয়ে দেশটিতে আসা শরণার্থীর সংখ্যা রেকর্ড ১ লাখ ৮০ হাজারে পৌঁছাল। হাঙ্গেরির অভিবাসনবিরোধী প্রধানমন্ত্রী ভিকটর অরবান বলেছেন, সিরিয়া থেকে যারা আসছে, তারা যুদ্ধের ভয়ে আসছে না। তারা আসছে মূলত প্রতিবেশী দেশের শরণার্থী শিবিরগুলো থেকে। 

গতকাল গ্রিসের ফারমাকোনিসি দ্বীপের কাছে নৌকা ডুবে ১৫ শিশুসহ ৩৪ জন শরণার্থী মারা গেছে।