নতুন অবরোধের নিন্দা জানিয়েছে রাশিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাশিয়া তার ওপর যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নতুন অবরোধের নিন্দা জানিয়েছে। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বলেছেন, পশ্চিমাদের এসব নতুন নিষেধাজ্ঞার ফলে ইউক্রেনের পূর্বাঞ্চলে দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠার সুযোগ ব্যাহত হবে। খবর এএফপি, রয়টার্স ও আল-জাজিরার।
মধ্য এশিয়ার দুশানবেতে সাংহাই সহযোগিতা সংস্থার এক সম্মেলনের বাইরে শুক্রবার রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা মনে করি, ঠিক যখন ইউক্রেনে শান্তি প্রচেষ্টা জোরদার হচ্ছে, তখন এ ধরনের উদ্যোগ শান্তি-প্রক্রিয়াকে ক্ষতিগ্রস্ত করারই নামান্তর।’
ইউক্রেনে ‘হস্তক্ষেপের’ অভিযোগে রাশিয়ার ওপর শুক্রবার থেকেই ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও যুক্তরাষ্ট্র অর্থনৈতিকসহ নতুন আরেক দফা নিষেধাজ্ঞা কার্যকর করেছে।
পুতিনের নিন্দা ইউক্রেনের: রাশিয়ার প্রেসিডেন্টের নিন্দা করে ইউক্রেনের প্রধানমন্ত্রী আর্সেনি ইয়াতসেনিয়ুক কিয়েভে এক সম্মেলনে গতকাল শনিবার বলেছেন, পুতিন ইউক্রেনের স্বাধীন অস্তিত্ব বিলীন করে দেওয়ার চেষ্টা করছেন। তিনি সমগ্র ইউক্রেনকেই গ্রাস করতে চান। ফিরিয়ে আনতে চান সোভিয়েত ইউনিয়ন।
রাশিয়ার দ্বিতীয় গাড়িবহর: ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর রুশভাষী অধ্যুষিত লুহানুস্কে রাশিয়ার দ্বিতীয় দফা মানবিক সহায়তাবাহী গাড়ির অর্ধেকের বেশি পৌঁছে গেছে।
রাশিয়া গত আগস্টে প্রথম সহায়তা পাঠানোর পর ইউক্রেন ও মিত্ররা এর কড়া সমালোচনা করে। তাদের অভিযোগ, অনুমতি ছাড়াই সীমান্ত অতিক্রম করে রাশিয়ার গাড়িবহর।