নতুন প্রজন্মের ট্যাংক প্রদর্শন করল রাশিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিজয় উদ্যাপন সামনে রেখে নতুন ধরনের ট্যাংক প্রদর্শন করেছে রাশিয়া। আরমাতা-১৪ নামের নতুন প্রজন্মের এই ট্যাংক ‘একটি পূর্ণাঙ্গ রোবোটিক যুদ্ধযানে’ রূপ নিতে সক্ষম। খবর বিবিসির।
আগামী ৯ মে দ্বিতীয় বিশ্বযুদ্ধে সোভিয়েত ও মিত্রবাহিনীর হাতে নাৎসি জার্মান বাহিনীর পরাস্ত হওয়ার ৭০তম বার্ষিকী বিজয় দিবস উদ্যাপিত হবে। দিবসটিতে বিশাল সামরিক কুচকাওয়াজে রাশিয়া তাদের যে নতুন অস্ত্রশস্ত্র প্রদর্শন করতে যাচ্ছে, তার অংশ এই আরমাতা-১৪ ট্যাংক।
রুশ গণমাধ্যমের খবর অনুযায়ী, ক্রু সদস্যরা থাকবেন প্রধান কামান থেকে দূরে একটি মজবুত চেম্বারের ভেতরে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের চ্যানেল জেভেজদা টিভির খবরে বলা হয়, ট্যাংকটির মূল কাঠামোকে অন্যান্য অস্ত্রব্যবস্থার ভিত্তি হিসেবেও ব্যবহার করা যেতে পারে। রাশিয়ার আরটি নিউজের খবরে বলা হয়, আরমাতা-১৪ ট্যাংক একটি পূর্ণাঙ্গ রোবোটিক যুদ্ধযানে রূপ নিতে পারে। এর কম্পিউটার প্রযুক্তি, গতি এবং রণকৌশল বর্তমানে রুশ সামরিক বাহিনীর প্রধান ভরসা টি-৯০ ট্যাংকের চেয়ে অনেক বেশি উন্নত।
সেনাবাহিনীতে ২ হাজার ৩০০ আরমাতা ট্যাংক যুক্ত করার পরিকল্পনা করছে রাশিয়া। ২০২০ সালের শুরুর দিকে এই প্রক্রিয়া শুরু হবে।