নদী বাঁচিয়ে সবুজ নোবেল

সবুজ নোবেল পুরস্কার জিতেছেন বসনিয়ার পরিবেশকর্মী মাইদা বিলালছবি : রয়টার্স
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বসনিয়ার ক্রুসিকা নদীতে পানিবিদ্যুৎকেন্দ্র নির্মাণের বিরোধিতা করেন মাইদা বিলাল। নদী রক্ষায় গ্রামের নারীদের একটি দল নিয়ে টানা ৫০০ দিন ধরে ওই প্রকল্পের বিরোধিতা করে গেছেন মাইদা। এ জন্য তাঁকে মারধর ও নিপীড়নের শিকার হতে হয়েছে। তবু দমে যাননি তিনি। চালিয়ে গেছেন যুদ্ধ।

অবশেষে সরকার ওই প্রকল্পের অনুমোদন বাতিল করতে বাধ্য হয়। ২০১৮ সালের তাঁর ওই লড়াই জেতার পর থেকেই তিনি বলকান দেশটিতে পরিচিত হয়ে উঠেছেন।

আমরা ৫০৩ দিন ধরে নদীটিকে রক্ষা করেছি। দিন–রাত ২৪ ঘণ্টা এর পেছনে সময় দিয়েছি। প্রয়োজন হলে আরও ৫ হাজার ৩০০ দিন একে রক্ষা করে যাব।
মাইদা বিলাল, বসনিয়ার পরিবেশকর্মী

সম্প্রতি ৪০ বছর বয়সী মাইদা তাঁর কাজের স্বীকৃতি হিসেবে ইউরোপীয় অঞ্চলের সম্মানজনক গোল্ডম্যান পরিবেশ পুরস্কার জিতেছেন। ‘সবুজ নোবেল পুরস্কার’ হিসেবে পরিচিত এ পুরস্কার প্রতিবছর বিশ্বের ছয়টি মহাদেশের ছয়জন তৃণমূল পর্যায়ের অধিকারকর্মীকে দেওয়া হয়।

মাইদা বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘আমরা ৫০৩ দিন ধরে নদীটিকে রক্ষা করেছি। দিন–রাত ২৪ ঘণ্টা এর পেছনে সময় দিয়েছি। প্রয়োজন হলে আরও ৫ হাজার ৩০০ দিন একে রক্ষা করে যাব।’

২০১৭ সালের গ্রীষ্মে মাইদা ও অন্যান্য অধিকারকর্মী পানিবিদ্যুৎকেন্দ্র নির্মাণে ভারী যন্ত্রপাতি কাঠের সেতু পার হওয়ার সময় বাধা দেন। তাঁদের যুক্তি ছিল, প্রকল্পটি পরিবেশ পুরোপুরি ধ্বংস করে দেবে।

মাইদা দাবি করেন, তাঁদের আন্দোলন থামাতে পুলিশ আক্রমণ চালায়। শান্তিশৃঙ্খলা নষ্টের অভিযোগ তুলে জোর করে তাঁদের সরিয়ে দেওয়া হয়। কিন্তু তাঁরা লড়াই চালিয়ে যান।

দেড় বছর পর সরকার বাধ্য হয়ে ওই প্রকল্প বন্ধ করে। সেতুটির নামকরণ করা হয় তাঁর নামে।

মাইদা আরও বলেন, ‘নদী রক্ষায় আন্দোলন করতে গিয়ে আমি চাকরি ও বন্ধু খুইয়েছি। আমার মেয়ে স্কুলে নিপীড়নের শিকার হয়েছে। এটা সহজ কাজ ছিল বললে মিথ্যা বলা হবে। তবে আমি সবকিছুর বিনিময়েও আন্দোলন করে গেছি। আমার মেয়ে যখন বড় হবে, তখন তাকে যেন মায়ের মতো সমস্যার মুখে পড়তে না হয়।’

ভার্চ্যুয়াল ওই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সবুজ নোবেল বিজয়ীদের প্রশংসা করে বলা হয়, ‘আমাদের গ্রহকে রক্ষা করার লড়াইয়ে এই দৈনন্দিন নায়কেরা তৃণমূলের সক্রিয়তার শক্তি প্রদর্শন করে আসছেন।’