নব্য নাৎসি সন্ত্রাসবাদী গ্রুপের সাতজনের সাজা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাৎসিবাদী সন্ত্রাসী গ্রুপের সাত সদস্যকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ড্রেসডেন আদালত। ছবি: এএফপি
নাৎসিবাদী সন্ত্রাসী গ্রুপের সাত সদস্যকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ড্রেসডেন আদালত। ছবি: এএফপি

জার্মানির পূর্বাঞ্চলের সাক্সেন রাজ্যের ফ্রাইটেল শহরে নব্য নাৎসিবাদী সন্ত্রাসী গ্রুপের সাত সদস্যকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল বুধবার সন্ত্রাসী কার্যক্রমের অপরাধে ড্রেসডেন আদালত এই সাজা দেন।

আদালত সন্ত্রাসী গ্রুপের দুই প্রধান টিমো ও প্যাট্রিককে সর্বোচ্চ দশ বছর এবং বাকি পাঁচজনকে চার বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন। সাজা পাওয়া সদস্যদের মধ্য একজন নারী রয়েছেন। আদালত বলেন, ২০ থেকে ৪০ বছর বয়সী এই নব্য নাৎসি গ্রুপের সদস্যরা হত্যাচেষ্টা, একাধিক বিস্ফোরণসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটিয়েছেন।

৭৪ দিন শুনানিতে প্রায় ১০০ জনের সাক্ষ্য গ্রহণের পর এই রায় দেন ড্রেসডেন আদালত।

পরে সরকারি পক্ষের প্রধান কৌঁসুলি ইয়র্ন হাউসসিল্ড বলেন, ফ্রাইটেল শহরের এই নব্য নাৎসিবাদী সন্ত্রাসী গ্রুপের সদস্যেরা ২০১৫ সাল থেকে শরণার্থীশিবিরগুলোতে হামলা চালিয়ে আসছিল। এ ছাড়া জার্মানির বাম রাজনৈতিক দলের অফিস ও দলটির নেতার গাড়িতে হামলা চালান তাঁরা। এসব হামলায় কেউ নিহত হননি। তবে হত্যার উদ্দেশ্যেই হামলাগুলো করা হয়েছিল।

আদালতের রায়ের পর ফ্রাইটেল শহরের মেয়র উভে রুমবের্গ বলেছেন, মুষ্টিমেয় কিছু সন্ত্রাসীর কারণে শহরটির গৌরব নষ্ট হতে পারে না।