নরওয়েতে মার্কিন সেনা মোতায়েন সিদ্ধান্তের সমালোচনায় রাশিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরওয়ে নিজেদের দেশে তিন শতাধিক মার্কিন সেনা মোতায়েনের যে সিদ্ধান্ত নিয়েছে, তার সমালোচনা করেছে প্রতিবেশী রাশিয়া। দেশটি বলছে, এ সিদ্ধান্ত উত্তর ইউরোপকে নিরাপদ করার ব্যাপারে কিছুই করতে পারবে না।

এএফপির খবরে বলা হয়, নরওয়ে গত সোমবার নিজের দেশে ৩৩০ জন মার্কিন মেরিন সেনা মোতায়েনের ঘোষণা দেয়। তারা ২০১৭ সালের জানুয়ারি থেকে প্রশিক্ষণসংক্রান্ত ব্যাপারে পালাক্রমে দায়িত্ব পালন করবে।

নরওয়ের এ সিদ্ধান্তের ঘোষণা এমন সময়ে এল, যখন রাশিয়ার সঙ্গে ইউক্রেন ও সিরিয়া ইস্যুতে পশ্চিমা বিশ্বের দ্বন্দ্ব চলছে।

এক ই-মেইলে নরওয়েতে রাশিয়ার দূতাবাসের মুখপাত্র ম্যাক্সিম গুরভ বলেন, ৩৩০ মার্কিন মেরিন সেনা মোতায়েনের সিদ্ধান্ত উত্তর ইউরোপের নিরাপত্তা জোরদারে কোনো ভূমিকা রাখতে পারবে না।

নরওয়ের সরকার বলছে, এ সিদ্ধান্ত আগামী বছরের মাঝামাঝিতে মূল্যায়ন করা হবে। ন্যাটো সেনারা নরওয়েতে নিয়মিত প্রশিক্ষণ দিয়ে থাকে। আর এই সেনা মোতায়েন মানে নরওয়েতে যুক্তরাষ্ট্রের স্থায়ী ঘাঁটি গড়তে দেওয়া নয়।