নরওয়ের সন্দেহভাজন হামলাকারী সম্পর্কে আগে থেকে জানত পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অসলোর ৮০ কিলোমিটার পশ্চিমে কংসবার্গ শহরে তির-ধনুক হামলায় পাঁচজন নিহত হয়
ছবি: রয়টার্স

নরওয়েতে তির-ধনুক ছুড়ে পাঁচজনকে হত্যার দায়ে গ্রেপ্তার হওয়া সন্দেহভাজন ব্যক্তি সম্পর্কে আগে থেকে জানত পুলিশ। ৩৭ বছর বয়সী ওই ব্যক্তি ডেনিশ নাগরিক। তিনি ইসলাম ধর্মে ধর্মান্তরিত হয়েছিলেন এবং উগ্রপন্থায় জড়ানোর আশঙ্কায় তাঁকে নজরে রাখা হয়েছিল। আজ বৃহস্পতিবার পুলিশ এসব তথ্য জানিয়েছে। খবর এএফপির।

নরওয়ের স্থানীয় সময় বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে রাজধানী অসলোর ৮০ কিলোমিটার পশ্চিমে কংসবার্গ শহরে তির-ধনুক হামলায় পাঁচজন নিহত হয়। আহত হয় আরও দুজন। পরে সন্দেহভাজন হিসেবে এক ব্যক্তিকে আটক করা হয়।

আজ নরওয়ের পুলিশ কর্মকর্তা ওলে ব্রেডরুপ সায়েভেরুড সাংবাদিকদের জানান, আগে থেকে ওই ব্যক্তিকে নিয়ে উগ্রপন্থায় সংশ্লিষ্টতার ভয় পাচ্ছিলেন তাঁরা। ২০২০ সালে তাঁকে নজরে রেখেছিল পুলিশ। তবে ২০২১ সালে তাঁর ব্যাপারে কোনো খোঁজখবর পুলিশের হাতে ছিল না। তিনি বলেন, ‘অন্যান্য বিষয়ের পাশাপাশি আমরা খতিয়ে দেখছি, এটি সন্ত্রাসী হামলা ছিল কি না।’ সন্দেহভাজন ব্যক্তি একাই হামলা চালিয়েছেন কি না, তা নিশ্চিত হতেও তদন্ত চলছে বলে জানান সায়েভেরুড।

নরওয়েতে উগ্র ডানপন্থী অ্যান্ডার্স বেহরিং ব্রেইভিক ২০১১ সালে ৭৭ জনকে হত্যার পর থেকে বুধবারের হামলাটি অন্যতম একটি প্রাণঘাতী।