নাইট ক্লাবের হামলাকারী শনাক্ত: তুর্কি পররাষ্ট্রমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তুরস্কের ইস্তাম্বুল শহরের রেইনা নাইট ক্লাবে হামলা চালানো বন্দুকধারীর পরিচয় শনাক্ত হয়েছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু। রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আনাদোলুকে দেওয়া এক সাক্ষাৎকারে গতকাল বুধবার তিনি এ তথ্য জানান। তবে হামলাকারীর পরিচয় তিনি জানাননি।
নতুন বছর উদ্যাপনের সময় গত রোববার হামলা চালান ওই বন্দুকধারী। এ ঘটনায় ৩৯ জন নিহত হন। পরদিন সোমবার এক বিবৃতিতে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) এর দায় স্বীকার করে নেয়। হামলাকারী বন্দুকধারী পলাতক রয়েছেন।
কাভুসোগলু বলেন, রেইনা ক্লাবের হামলার ছক ‘পেশাদারেরা’ কষেছেন। হামলাকারী যে বাড়িতে বসবাস করেছেন, তার সন্ধান মিলেছে। তাঁকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে। এই হামলার পেছনের ক্রীড়নককে ধরতে স্বরাষ্ট্র ও বিচারবিষয়ক মন্ত্রণালয় তদন্ত করছে।
তুরস্কের সংবাদপত্র হুরিয়াত জানিয়েছে, হামলাকারী মধ্য এশিয়ার কোনো দেশের নাগরিক এবং সিরিয়া হয়ে তুরস্কে প্রবেশ করেছেন বলে ধারণা করা হচ্ছে। তবে কবে তিনি তুরস্কে প্রবেশ করেছেন, তা এখনো অজানা। হামলা চালাতে ইস্তাম্বুলে যাওয়ার আগে গত ২২ নভেম্বর তিনি মধ্য আনাতোলিয়ান প্রদেশের কোনিয়ায় ছিলেন। তদন্ত-সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, হামলাকারী স্ত্রী ও দুই সন্তানসহ কোনিয়ায় পৌঁছান এবং সেখানে একটি বাড়ি ভাড়া করেন।
তুরস্কের কয়েকটি সংবাদমাধ্যম জানিয়েছে, হামলাকারীর স্ত্রী-সন্তানদের আটক করেছে পুলিশ। তবে তাঁদের পরিচয় প্রকাশ করা হয়নি। এ ছাড়া তদন্তের স্বার্থে কোনিয়া, ইস্তাম্বুল ও ইজমির থেকে সন্দেহভাজন ৩০ ব্যক্তিকেও আটক করা হয়েছে।
এদিকে ইস্তাম্বুলের ওই হামলার সঙ্গে তুরস্কের জনসাধারণের জীবনযাপনের ভিন্নতাকে সম্পর্কযুক্ত করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। রাজধানী আঙ্কারায় প্রেসিডেন্ট প্রাসাদে গতকাল স্থানীয় প্রশাসকদের সঙ্গে এক বৈঠকে দেওয়া বক্তব্যে তিনি বলেন, জাতিকে বিভক্ত করে দিতেই হামলাটি চালানো হয়েছে।