নারীর চুল টেনে ক্ষমা চেয়েছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জন কি। ছবি: রয়টার্স
নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জন কি। ছবি: রয়টার্স

নিউজিল্যান্ডের অকল্যান্ডের একটি ক্যাফেতে কর্মরত এক নারী কর্মীর চুল টেনে ক্ষমা চেয়েছেন দেশটির প্রধানমন্ত্রী জন কি।
আজ বুধবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, বিভিন্ন সময়ে একাধিকবার ওই নারী কর্মীর চুল টানার অভিযোগ প্রকাশিত হওয়ার পর কঠোর সমালোচনার মুখে পড়েন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী। এর পরিপ্রেক্ষিতে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চান তিনি।
ওই নারী একটি ব্লগে অভিযোগ করেন, ক্যাফেতে এসে বিভিন্ন সময় একাধিকবার তাঁর চুল টেনেছেন জন। চুল টানতে নিষেধ করলেও তা শুনতেন না তিনি। গত নভেম্বরে নির্বাচনের প্রাক্কালে এমন আচরণ শুরু করেন জন।
ওই নারী কর্মীর ভাষ্য, জন ক্যাফেতে এলে তাঁকে এড়িয়ে চলতেন তিনি। প্রধানমন্ত্রীর নিরাপত্তা কর্মকর্তাদেরও বিষয়টি জানানো হয়েছে। এতে কোনো ফল আসেনি। শেষমেশ গত মার্চে প্রধানমন্ত্রীকে ব্যক্তিগতভাবে নিষেধ করা হয়েছে। কিন্তু তিনি মানা শোনেনি। একই আচরণ করে গেছেন। পরে ওই আচরণের জন্য ক্ষমা চেয়েছেন তিনি।
রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে থাকা একজন ব্যক্তির কাছ থেকে নারীর প্রতি এমন হয়রানিমূলক আচরণের তথ্য প্রকাশিত হলে তীব্র সমালোচনার মুখে পড়েন প্রধানমন্ত্রী জন।
আজ প্রধানমন্ত্রীর দপ্তর থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, তাঁর (প্রধানমন্ত্রী) আচরণের উদ্দেশ্য ছিল মজা করা। তাঁকে (নারী কর্মী) অস্বস্তির মধ্যে ফেলা নয়। তাঁর কাছে ক্ষমা চেয়েছেন প্রধানমন্ত্রী।

ওই ক্যাফের কর্মীদের সঙ্গে উষ্ণ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকার দাবি করেছেন জন কি। আজ সাংবাদিকদের কাছে তিনি বলেন, ক্যাফেতে গিয়ে সবার সঙ্গে ব্যাপক মজা করেন তিনি।

আরও পড়ুন: