নাৎসি কর্মকর্তা গ্রোয়েনিংয়ের বিচার হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্রোয়েনিং
গ্রোয়েনিং

জার্মানির সাবেক নাৎসি কর্মকর্তা গ্রোয়েনিংয়ের বিচার মঙ্গলবার থেকে শুরু হতে যাচ্ছে। এডলফ হিটলারের অধীন আধা সামরিক বাহিনী এসএস-এর সম্ভাব্য সর্বশেষ সদস্য হিসেবে ৯৩ বছর বয়সী গ্রোয়েনিং শাস্তির মুখোমুখি হবেন। তিনি পোল্যান্ডে অবস্থিত কুখ্যাত বন্দিশিবির অশউইৎজের ‘হিসাবরক্ষক’ হিসেবে পরিচিত ছিলেন। খবর এএফপির।
গ্রোয়েনিংয়ের বিচার করা হবে ‘হত্যাকাণ্ডে সহায়তা’ করার অভিযোগে। তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলার সময় ১৯৪৪ সালে অশউইৎজ বন্দিশিবিরে তিন লাখ মানুষকে হত্যার ঘটনায় জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে। ওই তিন লাখ মানুষের অধিকাংশই ছিলেন হাঙ্গেরীয় ইহুদি।
জার্মানির দক্ষিণাঞ্চলীয় শহর হামবুর্গের কাছাকাছি লুয়েনেমবার্গে গ্রোয়েনিংয়ের বিচার শুরু হবে। অশউইৎজ হত্যাযজ্ঞ থেকে বেঁচে যাওয়া প্রায় ৫০ জন ওই মামলায় সহ-বাদী অথবা সাক্ষী হিসেবে হাজির হবেন। অশউইৎজে সব মিলিয়ে অন্তত ১০ লাখ মানুষকে হত্যা করা হয়েছিল বলে অভিযোগ রয়েছে।
গ্রোয়েনিং ১৯৪১ সালে এসএসের স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করেন। পরের বছর তাঁকে নাৎসি অধিকৃত পোল্যান্ডের অশউইৎজে বদলি করা হয়। সেখানে তাঁর দায়িত্ব ছিল বন্দীদের কাছ থেকে কেড়ে নেওয়া নগদ অর্থের হিসাব রাখা এবং তা বার্লিনের তহবিলে পাঠানো।