নাৎসিদের হাত থেকে তিনবার বাঁচলেও শেষ রক্ষা হলো না
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসি জার্মানির বুখেনওয়াল্ড বন্দিশিবিরে থাকলেও প্রাণে বেঁচে গেছেন। একই যুদ্ধে নাৎসিদের ডোরা-মিটেলবাউ বন্দিশিবিরেও ছিলেন তিনি। তবে সেখান থেকেও প্রাণ নিয়ে ফেরেন। এরপর বারগেন-বেলজেন শিবিরেও প্রাণে রক্ষা পেয়েছেন। তবে এতবার মৃত্যুর মুখ থেকে বেঁচে ফিরলেও ইউক্রেন যুদ্ধে সেটা পারলেন না। খবর রয়টার্সের
গত সপ্তাহে ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে রুশ বাহিনীর গোলা হামলায় নিহত হয়েছেন ৯৬ বছর বয়সী বরিস রোমানশেঙ্কো।
নাৎসি জার্মানির সেনাদের হাতে গণহত্যার শিকার ব্যক্তিদের স্মরণে বুখেনওয়াল্ড স্মৃতিসৌধ একটি বিবৃতি দিয়ে বলেছে, ‘আতঙ্ক নিয়ে আমরা ইউক্রেনের যুদ্ধে বরিস রোমানশেঙ্কোর মৃত্যুর খবর দিচ্ছি। রোমানশেঙ্কো যেখানে থাকতেন, সেই বহুতল আবাসিক ভবনে গোলাবর্ষণ করা হয় এবং ভবনে আগুন ধরে গিয়েছিল।’
ইউক্রেনের দ্বিতীয় বৃহৎ শহর খারকিভের বাসিন্দা ছিলেন রোমানশেঙ্কো। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে ইউক্রেনে রুশ বাহিনী ‘বিশেষ সামরিক অভিযান’ শুরুর পর এ শহরে ক্রমাগত বোমা ও গোলাবর্ষণ চলছে। গত সপ্তাহে রুশ বাহিনীর গোলাবর্ষণে খারকিভের এক ভবনে বরিস রোমানশেঙ্কো নিহত হন।
রোমানশেঙ্কোর মৃত্যু নিয়ে গতকাল সোমবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, ‘দয়া করে ভাবুন তো, তিনি কতগুলো কঠিন সময় পার করে এসেছেন। কিন্তু রাশিয়ার হামলায় নিহত হলেন তিনি।’ জেলেনস্কি যুদ্ধের দিনগুলোতে এ বিষয়ই তুলে ধরেছেন, নাৎসিমুক্ত করার যে কথা রাশিয়া বলছে, তার মানে কী।
বুখেওয়াল্ড মেমোরিয়াল বিবৃতিতে বলেছে, ১৯২৬ সালের ২০ জানুয়ারি ইউক্রেনের সুমি শহরের অদূরে রোমাশেঙ্কোর জন্ম। ১৯৪২ সালে তাঁকে জার্মানির ডর্টমুন্ড শহরে পাঠানো হয়। সেখানে খনি শ্রমিকের কাজ করতে বাধ্য হন তিনি। একবার সেখান থেকে পালানোর চেষ্টা করে ধরা পড়লে ১৯৪৩ সালে তাঁকে বুখেনওয়াল্ড বন্দিশিবিরে পাঠানো হয়। রয়টার্স বলছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসি জার্মানির সেনাদের হাতে বুখেনওয়াল্ড বন্দিশিবিরে ৫৩ হাজারের বেশ মানুষ প্রাণ হারান।