বাসার ছোট্ট একটি টয়লেট। এর ভেতরে একজন মানুষ কোনো রকমে হয়তো প্রয়োজন সারতে পারেন। কিন্তু ১১ বছর বয়সী মেয়েকে নিয়ে এই টয়লেটেই আশ্রয় নিয়েছেন ইউক্রেনের রাজধানী কিয়েভের জাখিদা আদিলোভা। টয়লেটেই তাঁদের খাওয়া–ঘুমসহ যাবতীয় কাজ সারতে হচ্ছে। আর জাখিদার মা ৭৫ বছর বয়সী আবিবে নিজের ইচ্ছায় বারান্দায় আশ্রয় নিয়েছেন।
রাশিয়ার হামলার পর ইউক্রেনের রাজধানী কিয়েভ এবং দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভের বাসিন্দারা চরম বিপর্যয়ের মধ্যে দিন কাটাচ্ছেন। ভাগ্যে যা হয় হবে, তবু যুদ্ধ পরিস্থিতির মধ্যেও নিজের বাসা ছাড়বেন না—এই পণ নিয়ে ৩৫ বছর বয়সী জাখিদা আদিলোভা মা ও মেয়েকে নিয়ে এভাবেই দিন কাটাচ্ছেন। বারান্দা আর ওই টয়লেটে বসেই তিনি লিখেছেন যুদ্ধদিনের ডায়েরি। জাখিদার যুদ্ধদিনের ডায়েরি নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে আল–জাজিরা, অ্যালজেবরা ডট রিপাবলিকাসহ একাধিক গণমাধ্যম।
জাখিদা আদিলোভা পেশায় ভাষার শিক্ষক ও রাজনৈতিক টক শোর প্রযোজক। কিয়েভে থাকলেও তিনি মূলত ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় উপদ্বীপ ক্রিমিয়ার সংখ্যালঘু তাতার মুসলিম জনগোষ্ঠীর একজন। ১৯৪৪ সালে ক্রিমিয়ায় প্রায় ১ লাখ ৮০ হাজার তাতার বসবাস করত। তাদের মূল পেশা ছিল পশুপালন। তখন ক্রিমিয়া সোভিয়েত ইউনিয়নের অন্তর্গত। সোভিয়েত শাসক জোসেফ স্তালিনের রোষানলে পড়ে তাতাররা মধ্য এশিয়ায়, বিশেষত উজবেকিস্তানে পাড়ি জমাতে বাধ্য হন। ১৯৯৩ সালে জাখিদা তাঁর পরিবারের সঙ্গে ইউক্রেনের ক্রিমিয়ায় চলে আসেন। ২০১৪ সালে রাশিয়া ক্রিমিয়া উপদ্বীপ দখলে নেয়। এ সময় জাখিদা ও তাঁর মেয়েকে ক্রিমিয়া ছেড়ে কিয়েভে চলে আসতে বাধ্য করা হয়। এর এক বছর পর জাখিদার মা তাঁদের কাছে আসেন। এত বছর পর আবারও জাখিদারা রাশিয়ান বাহিনীর হামলার সম্মুখীন হলেন। কিন্তু এবার আর ঘর ছাড়তে রাজি নন তিনি। তাই নিজে বাঁচতে এবং সন্তান ও বৃদ্ধ মাকে বাঁচাতে বারান্দা আর বাসার টয়লেটে আশ্রয় নিয়েছেন তাঁরা। সেখানেই বসেই লিখে চলেছেন যুদ্ধদিনের ডায়েরি।
পরিবার নিরাপদে থাকুক
ইউক্রেনে রাশিয়ার হামলার শুরুর পরপরই গত ২৪ ফেব্রুয়ারি বাসা থেকে বের না হয়ে মেয়ে ও মাকে নিয়ে টয়লেট আর বারান্দায় আশ্রয় নেন জাখিদা। আর তখন থেকেই শুরু করেন বিপর্যস্ত সময়ের ডায়েরি লেখা। ওই দিন সকাল ছয়টা ২০ মিনিটে তিনি লিখেছেন, ‘সকালে মেয়ে সামিরা যুদ্ধ শুরু হয়েছে বলে চিৎকার করলে ঘুম ভেঙে যায়। এ কথা শুনেই আমার পা কাঁপতে শুরু করে। একলাফে বিছানা ছেড়ে জানালায় দাঁড়িয়ে দেখি, সব সুনসান। রাস্তায় কোনো মানুষ নেই।’ এসব দেখে বিশ্বাস হয়নি জাখিদার। কিন্তু মেয়ে সামিরা জানায়, তার এক বন্ধু ফোন করে তাকে এ খবর দিয়েছে। এরপর জাখিদা নিজের ফোন চেক করে দেখেন তাঁর সেনা কর্মকর্তা এক বন্ধু খুদে বার্তা পাঠিয়েছেন। খুদে বার্তায় লিখেছেন—তোমার পরিবার নিয়ে দ্রুত কোনো আশ্রয়কেন্দ্র চলে যাও।
‘এরপর মেয়ে সামিরা ভয় পেয়ে যায়। সে খেলনা ও কাপড় ব্যাগে ঢোকাতে থাকে। ৭৫ বছর বয়সী মা আবিবেও ভয় পেয়ে যান। জানতে পারি, ১৫ মিনিট দূরত্বের একটি মসজিদকে আশ্রয়কেন্দ্র করা হয়েছে। এর প্রায় ২০ মিনিটের মধ্যে প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে আমরা তিনজন ওই আশ্রয়কেন্দ্রের উদ্দেশে বেরিয়ে পড়ি। রাস্তায় তখন হাজারো মানুষ। যে যেভাবে পারছে কেবল ছুটছে। কোনো গাড়ি না পেয়ে ট্রামে করে রওনা হই। এরই মধ্যে জানতে পারি রাশিয়ান বাহিনী অনেক জায়গায় হামলা চালিয়েছে। সন্দেহ হয়, পরিবারকে নিরাপদে রাখতে পারব তো! মসজিদের সামনে গিয়ে একজন গার্ডের দেখা হয়। তিনি জানান, এটা কোনো আশ্রয়কেন্দ্র নয়। আর এটা এখন বন্ধ হয়ে গেছে। হতাশ হয়ে বাসায় ফিরে আসি। কিন্তু পরদিন জানতে পারি, ওই গার্ড মিথ্যা বলেছে।’
জাখিদার বাসা কিয়েভে মার্কিন দূতাবাসের কাছেই। পাঁচতলা বাসার নিচতলায় থাকেন তাঁরা। বাসায় ফিরে মা ও সামিরা কম্বল আর বালিশ দিয়ে বারান্দাকে আশ্রয়কেন্দ্র বানিয়ে ফেলে। বেলা ১১টার দিকে কাজ শুরু করেন তিনি। আজ ইউটিউবে পোল্যান্ডের সাবেক প্রেসিডেন্ট লেস ওয়ালেসা, যুক্তরাষ্ট্রের সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টনকে নিয়ে রাজনৈতিক টক শো করার কথা তাঁর। সন্ধ্যা ছয়টার দিকে রাশিয়া সাইবার হামলা চালালে ব্রডকাস্ট বন্ধ হয়ে যায়।
জাখিদা লিখেছেন, ‘রাত সাড়ে ১১টার দিকে বারান্দায় মে ও মাকে শুইয়ে দিই। তাঁরা ক্ষুব্ধ হলেও আমার একগুঁয়ে স্বভাবের কারণে মেনে নেয় সব। রাত ৩টার দিকে আমি ঘুমিয়ে পড়ি। কিন্তু কিছুক্ষণের মধ্যেই বিস্ফোরণের বিকট শব্দে ঘুম ভেঙে যায়। এটাই প্রথম আমার বোমার শব্দ শোনা।’
এভাবে বাঁচা সম্ভব নয়
হামলার দ্বিতীয় দিন। ২৫ ফেব্রুয়ারি সকাল ৬টা ৫৯ মিনিটে ক্রিমিয়া থেকে আসা এক বন্ধুর ফোনে ঘুম ভাঙে জাখিদার। ওই বন্ধুকে সব তথ্য জানান জাখিদা। জানান, আর্মড ফোর্সেস ইউক্রেনকে (এএফইউ) কীভাবে আর্থিক সহযোগিতার করা যায় সে কথাও।
জাখিদা লিখেছেন, ‘হতাশা আর ভয় আমাকে পেয়ে বসে। এই প্রথমবারের মতো ভয়ে আমি কেঁদে ফেলেছি। আকাশে বোমারু বিমানের সাইরেন। সামিরা ও মা ভয়ে বারান্দায় কম্বল জড়িয়ে শুয়ে পড়েছে। আমি অনলাইনে আপডেট নিউজ দেখছি। এরই মধ্যে স্লোভাকিয়া থেকে এক সাবেক ছাত্র ফোন করেছে। সে ইউক্রেনে মেলিটোপোলে তাঁর বাসায় আশ্রয় নেওয়ার জন্য অনুরোধ জানিয়েছে। পরে রুটি ও কিছু খাবার কিনতে বেরিয়ে দেখি অধিকাংশ দোকান বন্ধ হয়ে গেছে। যেসব খোলা আছে, সেখানে কোনো খাবার নেই। আবার কোনো দোকানের সামনে ক্রেতার লম্বা সারি। এরই মধ্যে হঠাৎ বিমান হামলার সতর্কবার্তা আসে। সবাই লুকানোর জন্য ছোটাছুটি শুরু করে দেয়। আমিও দোকানের এক কোনায় আশ্রয় পাই। পরে বাসায় ফিরে আসি। বিকেল চারটার দিকে আবার দোকানে যাই। এবার আমার সামনে প্রায় ২৫ জন ও পেছনে ৫০ জনের মতো দাঁড়িয়েছে। শেষমেশ কিছু কলা, চকলেট ও ক্র্যাকার্স নিয়ে বাসায় ফিরতে পেরেছি।’
রাতে ভয় কাটাতে মেয়ে ও মাকে নিয়ে নিজ দেশের জাতীয় সংগীত গাইতে থাকেন জাখিদা। পরিস্থিতি জানিয়ে ইনস্টাগ্রাম ও ফেসবুকে শর্ট ভিডিও পোস্ট করেন তিনি। ওই ভিডিও দেখে বন্ধুরা সবাই তাঁদের উদ্ধার করে নিয়ে যেতে চেয়েছেন। রাস্তায় বোমা বিস্ফোরণ হচ্ছে তাই বাসা ছেড়ে যেতে রাজি হননি জাখিদা। নিজের বাসাতেই মেয়ে ও মা ঘুমিয়ে পড়লে জেগে জেগে সারা রাত দেখে যান জাখিদা।
নিজ ঘরে বন্দিদশা
২৬ ফেব্রুয়ারি। হামলার তৃতীয় দিন জাখিদার ঘুম ভাঙে তাঁর বড় ভাই এরফানের ফোনে। ৫১ বছর বয়সী এরফান কিয়েভে দিনিপ্রো নদীর পাশে থাকেন। সেখানে ক্রিমিয়ার তাতার কুইজিনের ব্যবসা করেন। যুদ্ধ শুরু হলে কুইজিন বন্ধ করে টেরিটরিয়াল ডিফেন্স ইউনিটে (সশস্ত্র বাহিনীর শাখা) যোগ দেন তিনি। গত রাতেও জাখিদার বাসার পাশেই রাশিয়া বোমা হামলা চালিয়েছে। গত তিন দিনে ভয় অনেকটাই কেটে গেছে তাঁদের। এখন বিমান হামলার সতর্কবার্তা পেলে আর ভয় না পেয়ে সবাই মিলে দ্রুত মেঝেতে শুয়ে পড়েন। মনে মনে প্রার্থনা করেন। ছোট্ট সামিরাও এখন বোমা ও বন্দুকের গুলির শব্দ আলাদা করা শিখেছে। তাই তারও ভয় অনেকটাই কমে গেছে।
এদিন জাখিদা লিখেছেন, ‘রোমানিয়া থেকে বন্ধুরা আমাদের নিরাপদে নিয়ে যাওয়ার ব্যবস্থা করার কথা বলেছে। কিন্তু আমি পালাতে পারব না। মিথ্যা কারণে আমাদের জন্মভূমি দখল এবং এই হামলার কারণেও আমি রাশিয়াকে ঘৃণা করি। তাই আমি পালাব না। নিজ ঘরে এই যে বন্দিদশায় আছি, এ কারণে আমি হতাশ। কারণ আমাকে যুদ্ধে যেতে হতো। যেহেতু এই সময় বন্দুক চালাতে পারছি না, তাই সত্যটা বলে যেতে হবে। আমার অস্ত্র হচ্ছে আমার শব্দ, কথা। সামাজিক যোগাযোগের মাধ্যমে তাই প্রতিদিন আপডেট পোস্ট করছি। কিন্তু যখন বোমার বিস্ফোরণ হচ্ছে তখন ইন্টারনেট সংযোগ ধীরগতির হয়ে যাচ্ছে। তাই চাইলেও অনেক কিছু পোস্ট করতে পারছি না।’
টয়লেটে আশ্রয়
চারদিকের থমথমে পরিস্থিতি একটু শান্ত হলে মা আবিবে রান্নাঘরে গিয়ে সবার জন্য কিছু রান্না করে আনেন। খাবার বলতে স্প্যাগেটি, চিজ আর সসেজ। এর মধ্যে আবারও বিমান হামলার সাইরেন বাজতে থাকে। সব ফেলে মেয়েকে নিয়ে জাখিদা আশ্রয় নেন টয়লেটে। আর মা আবিবে বারান্দায় শুয়ে পড়েন। টয়লেটের ভেতরে বালিশ ও কম্বল নিচে লুকিয়ে রাখেন মেয়ে সামিরাকে। এরপর সবাই মিলে প্রার্থনা শুরু করেন তাঁরা।
প্রতিরোধই শক্তি
২৮ ফেব্রুয়ারি, রোববার। হামলার চতুর্থ দিন বিমান হামলার সাইরেনের শব্দে ঘুম ভাঙে জাখিদার। গত তিন দিনের সকালের রুটিনে এই সকাল এলেও জাখিদার কাছে সকালটা একটু আলাদা মনে হয়। কারণ, রাশিয়ার এই হামলার কারণেই ইউক্রেনবাসী একত্রিত হতে পেরেছে। এটা খুবই ইতিবাচক একটা দিক।
জাখিদা ডায়েরিতে লিখেছেন, ‘সামাজিক যোগাযোগের মাধ্যমে বন্ধু ওদেসার একটি পোস্ট পড়ে মন ভালো হয়ে গেছে। ইউক্রেনকে রক্ষায় সেনারা যারপরনাই চেষ্টা চালিয়ে যাচ্ছে। দেশের ধর্ম–বর্ণনির্বিশেষে সবাই একত্রিত হয়েছে। সেনা সদস্যদের প্রতিরোধ করার সাহস জোগাচ্ছে। আর এই প্রতিরোধই আমাদের শক্তিশালী করে তুলছে।’
যুদ্ধ থেকে মন সরাতে মেয়ে সামিরাকে নিয়ে ডোবল খেলেছেন জাখিদা। মেয়ের কাছে টানা ১০বার হেরেছেন। তাই খেলায় মন দিয়েছেন বেশি। আর ১০ বার জিততে পেরে মেয়ের মুখে অনেক দিন পর হাসি ফুটেছে। সেই হাসি শান্তির। সেই হাসিও শক্তি জোগায় তাঁদের।
জয় আমাদের হবে
হামলার পঞ্চম দিনে কিয়েভে ব্যাপক বোমা হামলার ঘটনা ঘটেছে। বিস্ফোরণের শব্দে কেঁপে কেঁপে উঠেছে ঘরের দরজা–জানালা। এরপরও হেসেছেন জাখিদা। কারণ, যুদ্ধ শুরুর পঞ্চম দিনেও পরিবারের সদস্যদের নিয়ে বেঁচে আছেন তাঁরা। জাখিদা লিখেছেন, ‘এই যুদ্ধ আমরা শুরু করিনি, তবে জয় নিশ্চিত করা ছাড়া আমাদের আর কোনো উপায় নেই।’
*আল–জাজিরা, দ্য আমেরিকান রিপোর্টার্স ও অ্যালজেবরা ডট রিপাবলিকা থেকে ভাষান্তর সুজন সুপান্থ