নিজেদের মুদ্রা ছাপানোর ক্ষমতা নেই গ্রিসের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঋণের দায়ে জর্জরিত গ্রিস আদৌ ইউরোপীয় ইউনিয়ন জোটে থাকতে পারবে কি পারবে না, তা নিয়ে চলছে নানামুখী তৎ​পরতা। আর যদি বের হয়ে যেতেই হয় তাহলে মুদ্র​া হিসেবে ইউরো ব্যবহার করতে পারবে না দেশটি। নিজেদেরই মুদ্রা ছাপাতে হবে। কিন্তু এ নিয়ে আবারও বেকায়দায় পড়বে দেশটি। কেননা তাদের নেই কোনো টাঁকশাল।

গ্রিসের অর্থমন্ত্রী ইয়ানিস ভারোফাকিস অস্ট্রেলিয়ান রেডিও এবিসিকে বলেন, ‘আমাদের এই সামর্থ্য নেই। ইইউতে যোগ দেওয়ার আগের বছর ২০০০ সালে ব্লকের দাবি অনুযায়ী আমাদের একটি জিনিস করতে হয়েছে। আর তা হলো নিজেদের সব মুদ্রা ছাপাখানা বা টাঁকশাল ধ্বংস করা। আমরা সব ছাপাখানা ধ্বংস করে ফেলেছি। আমাদের কোনো ছাপাখানা নেই। ’
অর্থনৈতিক সংকটে পড়া গ্রিস বর্তমানে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক (ইসিবি) ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সঙ্গে সম্ভাব্য একটি চুক্তি নিয়ে আলোচনায় রয়েছে। এই চুক্তির জন্য দাতারা যে প্রস্তাব দিয়েছে, তাতে বিভিন্ন খাতে ব্যয় সংকোচন করার কথা বলা আছে। এতে আপত্তি রয়েছে দেশটির বর্তমান বামপন্থী সরকারের। তবে চুক্তি না হলে গ্রিস এসব দাতার কাছ থেকে কাঙ্ক্ষিত ২৯ বিলিয়ন ইউরো ঋণ পাবে না। এই ঋণ পেলেই কেবল এথেন্স আগামী দুই বছরের মধ্যে পরিশোধযোগ্য সব দেনা শোধ দিতে পারবে। এর মধ্যে আইএমএফের কাছ থেকে নেওয়া গ্রিসের দেড় বিলিয়ন ইউরো (১ দশমিক ৭ বিলিয়ন মার্কিন ডলার) গত মঙ্গলবারের মধ্যে শোধ করার কথা থাকলেও তা পারেনি গ্রিস। এতে করে ঋণখেলাপি হওয়ার ঝুঁকিতে রয়েছে দেশটি।
দাতাদের দেওয়া আর্থিক পুনরুদ্ধার কর্মসূচির প্রস্তাবের (বেইলআউট) পক্ষে-বিপক্ষে আগামী ৫ জুলাই গ্রিসে গণভোট অনুষ্ঠিত হবে। গ্রিসের প্রধানমন্ত্রী অ্যালেক্সিস সিপ্রাস জনগণের কাছে দাতাদের দেওয়া প্রস্তাব প্রত্যাখ্যান করে ‘না’ ভোটের আহ্বান জানিয়েছেন। অন্যদিকে ‘হ্যাঁ’ ভোট দিতে দেশটির জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নেতারা। ইউরো জোনের শীর্ষস্থানীয় দেশ জার্মানি, ফ্রান্স ও ইতালি বলছে, ইউরোকে মুদ্রা হিসেবে রাখতে চায় কি না, সে সিদ্ধান্ত গ্রিসের জনগণকেই নিতে হবে।
গ্রিসকে ইউরোপীয় ঋণদাতা দেশ ও সংস্থাগুলোর ওই বেইলআউট কর্মসূচির প্রস্তাবের শর্ত মানা না-মানার ওপর নির্ভর করছে ঋণসংকটে জর্জরিত দেশটির ইউরোপীয় ইউনিয়নে থাকা না-থাকার বিষয়টি।