সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর ইদলিবে রাসায়নিক গ্যাস হামলাকে কেন্দ্র করে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ব্যাপক সমালোচনার মুখে পড়েছে দেশটির সরকার।
গত মঙ্গলবারের ওই গ্যাস হামলায় নিহত মানুষের সংখ্যা গতকাল বুধবার বেড়ে দাঁড়িয়েছে ৭২ জনে। প্রতিবেশী তুরস্ক জানিয়েছে, তারা গ্যাস হামলায় আক্রান্ত শিশুসহ ৩০ জনকে চিকিৎসা দিচ্ছে।
বিষয়টি নিয়ে আলোচনার জন্য গতকাল জরুরি বৈঠকে বসে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। বৈঠকে এ হামলার সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সরকারকে দায়ী করে এর জন্য নিন্দা প্রস্তাব উত্থাপনের কথা বলেছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ফ্রান্স। তবে এর বিরোধিতা করে নিরাপত্তা পরিষদের অপর স্থায়ী সদস্য রাশিয়া। তারা বলেছে, আসাদ সরকারকে দায়ী করা ঠিক নয়, কেননা এ হামলা তারা চালায়নি।
এদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, সিরিয়ার সরকারের বিরুদ্ধে জাতিসংঘ যদি ব্যবস্থা নিতে না পারে, তাহলে যা করার যুক্তরাষ্ট্র একাই তা করবে।
মঙ্গলবারের ওই হামলার পর থেকে রাশিয়া ও পশ্চিমা দেশগুলোর মধ্যে দোষারোপের পালা চলছে।