নিরাপত্তাব্যবস্থা ঢেলে সাজানোর ভাবনা জার্মানির
বার্লিনে ক্রিসমাস সামগ্রীর বাজারে ট্রাক হামলার পরিপ্রেক্ষিতে পুরো জার্মানিতে নিরাপত্তাব্যবস্থা ঢেলে সাজানোর চিন্তা করছে দেশটির সরকার। জার্মানির স্বরাষ্ট্রমন্ত্রী এ বিষয়ে একটি পরিকল্পনার রূপরেখা জানিয়েছেন।
নতুন পরিকল্পনায় অবৈধ অভিবাসীদের বিতাড়নের বিষয়ে স্থানীয় গোয়েন্দা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আরও বেশি ক্ষমতা দেওয়ার কথা বলা হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী টমাস ডি মাইজিয়েরে কেন্দ্রীয় পুলিশের তদারকির পরিসর বাড়ানো এবং সংকট ব্যবস্থাপনা কেন্দ্র স্থাপনের আহ্বান জানিয়েছেন। দেশটির এক দৈনিক পত্রিকায় গতকাল মঙ্গলবার প্রকাশিত একটি কলামে তিনি লিখেছেন, ‘জাতীয় বিপর্যয় মোকাবিলার ক্ষেত্রে আমাদের কেন্দ্রীয় আইনগত এখতিয়ার নেই। আন্তর্জাতিক সন্ত্রাসবাদের বিপক্ষে লড়াইয়ের ক্ষেত্রে আমাদের আইনগত এখতিয়ার খণ্ডিত অবস্থায় রয়েছে।’
জার্মানির কেন্দ্রীয় পুলিশের আওতা সম্পর্কে স্বরাষ্ট্রমন্ত্রী লিখেছেন, ‘কেন্দ্রীয় পুলিশের কার্যক্ষমতা রেলস্টেশন, বিমানবন্দর ও সীমান্ত নিয়ন্ত্রণের মধ্যে সীমাবদ্ধ।’ স্বরাষ্ট্রমন্ত্রী মন্তব্য করেছেন, জার্মানির বর্তমান নিরাপত্তাব্যবস্থা নিয়ে নতুন করে চিন্তাভাবনার বিষয়ে ‘এটিই উপযুক্ত সময়’।
গত ১৯ ডিসেম্বর বার্লিনের একটি ক্রিসমাস বাজারে ট্রাক নিয়ে হামলা চালায় এক সন্ত্রাসী। ট্রাকের দরজায় পাওয়া হাতের ছাপ ও কাগজপত্রের মতো তথ্যপ্রমাণের ভিত্তিতে তদন্তকারীরা বলেছেন, তিউনিসিয়ার বংশোদ্ভূত শরণার্থী আনিস আমরিই ট্রাকের পোলিশ চালককে হত্যা করে গাড়িটি নিয়ে হত্যাযজ্ঞে মেতে ওঠে।