নির্বাচন সম্পর্কে কিছু তথ্য
ফ্রান্সের এবারের প্রেসিডেন্ট নির্বাচন এরই মধ্যে ‘অনিশ্চিত’ তকমা পেয়ে গেছে। এ দৌড়ে ১১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। বর্তমান প্রেসিডেন্ট ফ্রাসোঁয়া ওলাঁদ দ্বিতীয় দফায় লড়ার জন্য দল থেকে সবুজ সংকেত পেলেও সে সুযোগ নেননি। জনপ্রিয়তা নিম্নগামী হওয়ায় তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে।
নির্বাচন পদ্ধতি
ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনে একজন প্রার্থী সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হন। যদি কোনো প্রার্থী নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ ভোট না পান, তাহলে দুই সপ্তাহের মধ্যে দ্বিতীয় দফায় ভোট হয়। ১৯৬৫ সাল থেকে ফ্রান্সের প্রতিটি প্রেসিডেন্ট নির্বাচনই দ্বিতীয় দফার ভোটে নিষ্পত্তি হয়েছে। এবারের ১১ প্রার্থীর মধ্যে মারি লো পেন, ইমানুয়েল ম্যাখঁ, ফ্রাসোঁয়া ফিলোঁ ও জ্যঁ-লুক মিলনশঁ এগিয়ে থাকলেও প্রথমবারেই নির্বাচিত হতে যথেষ্ট সংখ্যক ভোট কেউই পাবেন না বলে ধারণা করা হচ্ছিল।
ভোটার সংখ্যা
সর্বশেষ খবর অনুযায়ী, এবারের নির্বাচনে প্রায় ৪ কোটি ৭০ লাখ ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করবেন বলে ধারণা করা হচ্ছিল।
প্রধান ইস্যু
ইইউ জোটের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ ফ্রান্স। সেই সঙ্গে এই দেশ বিশ্বের সামরিক ও অর্থনৈতিক শক্তিগুলোরও একটি। এবারের নির্বাচনে জনমতের দিক থেকে এগিয়ে চার প্রার্থীই ইইউ জোট এবং ন্যাটো জোটকে রাজনৈতিক ইস্যুতে পরিণত করেছেন। দ্বিতীয় যুদ্ধ-পরবর্তী সময়ে বিশ্বে পশ্চিমাদের অবস্থানও হয়তো এবারের নির্বাচনের কারণে কিছুটা ধাক্কা খেতে পারে বলে ধারণা করা হচ্ছে। এরই মধ্যে যুক্তরাজ্যের ইইউ জোট ছাড়ার সিদ্ধান্ত এবং ডোনাল্ড ট্রাম্পের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার ঘটনা ফ্রান্সে প্রভাব ফেলেছে।
অর্থনীতিবিদদের চোখে দেশের বেকারত্বের হার এবং অর্থনৈতিক অবস্থাও এবারের নির্বাচনে প্রধান প্রভাবক হয়ে উঠতে পারে। বেকারত্বের হারের দিক থেকে ইইউ জোটের দেশগুলোর মধ্যে ফ্রান্স এখন অষ্টম স্থানে এবং এ হার প্রায় ১০%। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের হিসাব অনুযায়ী, বর্তমান অর্থনৈতিক অবস্থায় দেশটির বেকারত্বের হার সাড়ে ৮ শতাংশের নিচে নামানো কঠিন হবে।
সন্ত্রাসবাদের প্রভাব
দেশটিতে গত কয়েক বছরে একের পর এক সন্ত্রাসী হামলার ঘটনা এবারের নির্বাচনে একটা বড় ইস্যু হয়ে উঠেছে। রাজধানী প্যারিসে সাম্প্রতিকতম সন্ত্রাসী হামলায় গত বৃহস্পতিবার এক পুলিশ সদস্য নিহত হওয়ার ঘটনা হিসাব পাল্টে দিতে পারে বলেও ধারণা করছেন বিশেষজ্ঞরা। ফ্রান্সে ২০১৫ সালের জানুয়ারি মাস থেকে এ পর্যন্ত ২৩০ জনের বেশি মানুষ সন্ত্রাসী হামলায় নিহত হয়েছে। ২০১৫ সালে প্যারিস হামলার পর দেশটিতে জরুরি অবস্থা জারি করা হয়। এখনো তা বলবৎ রয়েছে।