
জার্মানির সবচেয়ে জনবহুল রাজ্য নর্থ রাইন-ওয়েস্টফেলিয়ার বাসিন্দারা স্থানীয় নির্বাচনে ভোট দিয়েছেন গতকাল রোববার। বলা হচ্ছে, জাতীয় নির্বাচনের মাত্র চার মাস আসে অনুষ্ঠিত এই নির্বাচন চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলের জন্য গুরুত্বপূর্ণ এক পরীক্ষা। সেপ্টেম্বরে অনুষ্ঠেয় ওই নির্বাচনে চতুর্থ মেয়াদে ক্ষমতায় থাকার জন্য প্রতিদ্বন্দ্বিতা করবেন ম্যার্কেল।
আঞ্চলিক এ নির্বাচনে প্রধান প্রতিদ্বন্দ্বী দল সোশ্যাল ডেমোক্রেটিক পার্টিকে (এসপিডি) হারিয়ে নিশ্চিত বিজয়ের প্রত্যাশা করছে চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলের দল ক্রিস্টিয়ান ডেমোক্রেটিক ইউনিয়ন (সিডিইউ)। এত দিনের বিভিন্ন জরিপ বলেছে, এই নির্বাচনের মাধ্যমে রাজ্যটি থেকে মধ্য-বামপন্থী এসপিডিকে হটিয়ে আসন ছিনিয়ে নিতে পারে ম্যার্কেলের মধ্য ডানপন্থী দল সিডিইউ। কিন্তু নির্বাচনের ঠিক আগ দিয়ে হওয়া জরিপে দল দুটির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হওয়ার ইঙ্গিতই মিলেছে।
বিস্তৃত শিল্প অঞ্চল নর্থ রাইন-ওয়েস্টফেলিয়ায় কয়েক দশক ধরে স্যোশাল ডেমোক্রেটিক পার্টির শক্ত অবস্থান। বিপুলসংখ্যক অভিবাসী রয়েছে এ রাজ্যে। ভোটার প্রায় ১ কোটি ৩১ লাখ। এ রাজ্যে ম্যার্কেলের ক্রিস্টিয়ান ডেমোক্রেটিক ইউনিয়ন জয়ী হলে তা জাতীয় নির্বাচনের জন্য আরও এক ধাপ এগিয়ে নেবে তাঁকে। অন্যদিকে গতকালের নির্বাচনে দল জয়ী হলে চ্যান্সেলরের আসন নিজের হবে বলে মনে করছেন এসপিডি নেতা মার্টিন শুৎজ। এসপিডি বর্তমানে জার্মানির ক্ষমতাসীন জোটের ছোট অংশীদার।
জার্মানির সবচেয়ে বড় এ রাজ্যের নির্বাচন বরাবরই গুরুত্বপূর্ণ। তার ওপর এ বছর জাতীয় নির্বাচনের আগ দিয়ে এটিই সবশেষ রাজ্য নির্বাচন হওয়ায় তা আরও বেশি গুরুত্ব পাচ্ছে।