রাজনৈতিক সমাবেশে গিয়েছিল একটি রোবট। পুলিশ তাকে গ্রেপ্তার করেই ক্ষান্ত হয়নি, হাতকড়া পরানোর চেষ্টাও করেছে। এটা রাশিয়ার রাজধানী মস্কোর ঘটনা।
রুশ পার্লামেন্ট নির্বাচনের প্রার্থী ভালেরি কালাচেভ নিজের প্রচার কার্যক্রমের জন্য প্রোমোবট নামের রোবটটিকে ভাড়া করেছিলেন। কী কারণে তাকে গ্রেপ্তার করা হলো, পুলিশ সেটা নিশ্চিত করেনি। তবে স্থানীয় সংবাদমাধ্যম বলছে, ভোটারদের মতামত রেকর্ড করছিল প্রোমোবট। তা দেখে কেউ একজন পুলিশে খবর দেয়। জনমত বিশ্লেষণ করে কালাচেভের প্রচারকাজে সহায়তা করাই ছিল যন্ত্রটির লক্ষ্য।
প্রোমোবটের একজন প্রতিনিধি বলেন, সম্ভবত রোবটটির কাজের সরকারি অনুমোদন ছিল না। এটিই তার গ্রেপ্তারের কারণ হতে পারে। তিনি আরও বলেন, প্রোমোবট নিজের কাজ করছিল। জনসভারই কেউ পুলিশ ডাকে। তারা রোবটটিকে হাতকড়া পরানোর সময় সে কোনো বাধা দেয়নি।
কালাচেভ আগের একটি প্রচারমূলক জনসভায় রোবটটিকে পরিচয় করিয়ে দিয়েছিলেন। একই মডেলের আরেকটি রোবট গত জুনে সংবাদমাধ্যমে আলোচনায় এসেছিল। সেটি মস্কোর একটি গবেষণাগার থেকে দুবার পালিয়ে যায়। রোবটটি নিজে নিজে হাঁটাচলার প্রশিক্ষণ নিয়েছিল। গবেষণাগারের একজন কর্মী দরজা খোলা রেখে বাইরে যাওয়ার পর রোবটটি সুযোগ পেয়ে বাইরের রাস্তায় চলে যায়। তবে ব্যাটারি ফুরিয়ে যাওয়ায় কিছুদূর গিয়েই থেমে যেতে বাধ্য হয়।
জনসভা থেকে গ্রেপ্তার রোবটটিও নিশ্চয়ই সুযোগ পেলে পালানোর চেষ্টা করবে। তবে তাকে কোথায় বা কী ধরনের কারাগারে রাখা হয়েছে, সেটা অজানা।