নির্বাচনে বিদেশি হস্তক্ষেপের অভিযোগ রাশিয়ার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নভোয়ি বোবরেনেভো এলাকার একটি কেন্দ্রে ব্যালট নিয়ে ভোট দেওয়ার প্রস্তুতি একজন ভোটারের। রাশিয়া, ১৮ সেপ্টেম্বর
ছবি: রয়টার্স

রাশিয়ায় চলমান তিন দিনের সংসদ নির্বাচনে বিদেশি হস্তক্ষেপের ঘটনা রেকর্ড করার কথা বলেছে দেশটির নির্বাচন কমিশন। আজ শনিবার দেশটির নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়, তাদের ওয়েবসাইটে তিনবার সাইবার হামলার ঘটনা ঘটে। এ হামলাগুলো বাইরের কোনো দেশ থেকে চালানো হয়েছে।

নির্বাচন কমিশনের সেন্টার ফর ইনফরমেশনের প্রধান আলেকজান্ডার সোকলচাখ বলেন, শনিবার দেশের বাইরে থেকে তিনটি সাইবার হামলার ঘটনা রেকর্ড করা হয়। এর মধ্যে দুটি হামলা কমিশনের ওয়েবসাইটে চালানো হয়। তৃতীয় হামলাটি ছিল ডিডস আক্রমণ। এ হামলাগুলো ছিল ব্যাপক শক্তিশালী। ভোটের শেষ দিনে আরও হামলার আশঙ্কায় প্রস্তুতি নেওয়া হয়েছে। তবে কোন দেশ থেকে এসব হামলা চালানো হয়েছে, তা উল্লেখ করেননি সোকলচাখ।

এর আগে রাশিয়ান কর্তৃপক্ষ দাবি করে, পশ্চিমা সামাজিক মাধ্যমগুলো রাশিয়ার অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাচ্ছে। তারা ক্রেমলিন সমালোচক বলে পরিচিত অ্যালেক্সি নাভালনি সংক্রান্ত তথ্য সরাচ্ছে না।

এদিকে নির্বাচন চলাকালে রাশিয়ার বিরোধী নেতা অ্যালেক্সি নাভালনির ‘স্মার্ট ভোটিং’ অ্যাপটি গুগল প্লে স্টোর এবং অ্যাপল স্টোর থেকে সরিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কঠোর সমালোচক নাভালনি বর্তমানে কারাগারে আটক। অনলাইন প্ল্যাটফর্ম থেকে অ্যাপ সরিয়ে নেওয়ার ঘটনাকে লজ্জাজনক বলে উল্লেখ করেছেন নাভালনির অন্যতম মিত্র ইভান জাদনভ। এক টুইট বার্তায় তিনি বলেন, স্টোর থেকে নাভালনির অ্যাপ অপসারণ একটি লজ্জাজনক রাজনৈতিক হস্তক্ষেপ।