নির্যাতনের পন্থা ফিরিয়ে আনা নিয়ে শঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিতর্কিত নির্যাতন কৌশল ওয়াটারবোর্ডিংয়ের প্রতি ডোনাল্ড ট্রাম্পের সমর্থন আর জিজ্ঞাসাবাদের সময় নির্মম নির্যাতনের জন্য সমালোচিত সিআইএর এক কর্মকর্তাকে তাঁর পদোন্নতি দেওয়া অনেককে শঙ্কিত করেছে। নতুন মার্কিন প্রেসিডেন্টের এই পদক্ষেপ ইঙ্গিত দিচ্ছে, যুক্তরাষ্ট্র হয়তো জঙ্গিবাদবিরোধী লড়াইয়ে সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদের সময় নির্যাতনের পন্থা ফিরিয়ে আনতে যাচ্ছে।
সম্প্রতি সিআইএর উপপরিচালক পদে জিনা হাসপেলকে নিয়োগ দিয়েছেন ট্রাম্প। ৬০ বছর বয়সী জিনা ৩২ বছর ধরে সিআইএতে কর্মরত। পদোন্নতি দিয়ে তাঁকে উপপরিচালক পদে বসানোর ঘোষণা দেন ট্রাম্প। নতুন গোয়েন্দা প্রধান মাইক পম্পেওর অধীনে কাজ করবেন তিনি। এই নিয়োগ নিয়ে যুক্তরাষ্ট্রজুড়ে সমালোচনা হয়েছে। জিনার বিরুদ্ধে সংস্থাটির হয়ে গোপন কারাগার পরিচালনা ও তথ্য আদায়ে বন্দীদের শারীরিক নির্যাতনের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।
কয়েক দিন আগে হোয়াইট হাউসের একটি নির্বাহী আদেশের খসড়া ফাঁস হয়েছে। এতে দেখা গেছে, সিআইএর বিতর্কিত আটক কেন্দ্রগুলো আবার চালু করার পরিকল্পনা করা হচ্ছে। সেখানে কঠোর নির্যাতন করে জিজ্ঞাসাবাদ চলত। সদ্য সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা জিজ্ঞাসাবাদের কয়েকটি বিতর্কিত পদ্ধতির ওপর কড়াকড়ি আরোপ করেছিলেন। নতুন ট্রাম্প প্রশাসন তা শিথিল করতে পারে বলেও খসড়ায় উল্লেখ রয়েছে।
গত শুক্রবার ডেমোক্রেটিক পার্টির পাঁচ শীর্ষ সিনেটর গোয়েন্দাপ্রধান পম্পেও এবং প্রতিরক্ষামন্ত্রী জেমস ম্যাটিসের কাছে চিঠি লিখে উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের আশঙ্কা, সরকার আইন ও নীতিতে পরিবর্তন এসে দেশের বাইরের ওই নির্যাতন কেন্দ্রগুলো পুনরায় চালু করতে পারে। চিঠিতে সিনেটরেরা বলেন, নির্বাহী আদেশের খসড়া এবং ট্রাম্পের মন্তব্য নতুন করে উদ্বেগের সৃষ্টি করেছে যে তাঁর প্রশাসন হয়তো আগে বাতিল করে দেওয়া নির্যাতনের পন্থা নতুন করে প্রয়োগ শুরু করতে পারে। এটি মার্কিন নীতি ও মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক। জাতীয় নিরাপত্তাকেও তা বিপর্যস্ত করবে।
নির্বাচনী প্রচারণার সময় এবং জয়ী হওয়ার পর কয়েকবার ওয়াটারবোর্ডিং এবং অন্যান্য নির্যাতনের পক্ষে মন্তব্য করেছেন ট্রাম্প। তাঁর মতে, এগুলো বেশ কার্যকর। গত সপ্তাহে এক সাক্ষাৎকারেও একই মন্তব্য করেন তিনি। ওয়াটারবোর্ডিং পদ্ধতিতে লোকের চোখেমুখে কাপড় পেঁচিয়ে তার ওপর পানি ঢালা হয়। এতে ওই ব্যক্তির পানিতে ডুবে যাওয়ার অনুভূতি হয়।
ট্রাম্প ও তাঁর প্রশাসনের এ ধরনের সিদ্ধান্ত সদ্য সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার অনুসৃত নীতির পরিপন্থী। ২০০৯ সালে ওবামা নির্দেশ দিয়েছিলেন, জিজ্ঞাসাবাদের সময় অবশ্যই জেনেভা কনভেনশনসহ নির্যাতনবিরোধী আন্তর্জাতিক আইনগুলো মেনে চলতে হবে।
ট্রাম্প প্রশাসনেই ভিন্ন মত
নির্যাতনের সমর্থনে নির্বাহী আদেশের খসড়া তৈরি হলেও এর ভবিষ্যৎ এখনো অনিশ্চিত। ট্রাম্প নিজেই স্বীকার করেছেন, তাঁর প্রশাসনের শীর্ষ পর্যায় থেকে এর বিরোধিতা আসতে পারে। এবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘আমি এই বিষয়ে (জিজ্ঞাসাবাদে নির্যাতন) পম্পেও এবং ম্যাটিসের ওপর নির্ভর করব। যদি তাঁরা এটা না চান, তাহলে আমার কোনো সমস্যা নেই। আর যদি তাঁরা চান, তাহলে আমি এই পদক্ষেপ নিয়ে এগিয়ে যাব।’
সন্দেহভাজন অপরাধীদের জিজ্ঞাসাবাদের ধরন নির্ধারণের মূলে থাকবেন প্রতিরক্ষামন্ত্রী ম্যাটিস। তিনি এর আগে জানিয়েছেন, জিজ্ঞাসাবাদে নির্যাতনের বিরুদ্ধেই তাঁর অবস্থান। প্রতিরক্ষা দপ্তরের মুখপাত্র জেফ ডেভিস বলেছেন, ম্যাটিস জেনেভা কনভেনশনসহ দেশীয় ও আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকবেন।
মার্কিন সিনেটের শুনানিতে পম্পেও অবশ্য নির্যাতন প্রশ্নে তাঁর অবস্থান স্পষ্ট করেননি। এ-সংক্রান্ত প্রশ্ন তিনি এড়িয়ে গেছেন। সমালোচকেরা তাঁর এই অবস্থানকে জিজ্ঞাসাবাদের ধরন পরিবর্তনের পক্ষে থাকার সম্ভাবনা হিসেবে মূল্যায়ন করছেন।
হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের আইনের অধ্যাপক জ্যাক গোল্ডস্মিথ মনে করেন, ট্রাম্প প্রশাসন চাইলেও আইনি জটিলতা মোকাবিলা করে জিজ্ঞাসাবাদে নির্যাতনের পন্থা আবার চালু করতে পারবে কি না, তা নিয়ে সন্দেহ রয়েছে। কেননা গত দশকে পরিস্থিতি পাল্টেছে। নির্যাতন নিয়ে দৃষ্টিভঙ্গিরও পরিবর্তন হয়েছে। তিনি বলেন, ‘আমি দৃঢ়ভাবে মনে করি, ট্রাম্প ওয়াটারবোর্ডিং করে জিজ্ঞাসাবাদের পক্ষে নির্বাহী আদেশ দিলেও ম্যাটিস কিংবা পম্পেও তা কার্যকর করবেন না।’