নিষেধাজ্ঞা সামাল দিতে রাশিয়ার নোট ছাপাতে হবে না: পুতিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন
ফাইল ছবি: রয়টার্স

ইউক্রেনে হামলার পর রাশিয়ার ওপর একের পর এক নিষেধাজ্ঞা দিয়েছে পশ্চিমা দেশগুলো। লক্ষ্য মস্কোকে অর্থনৈতিক চাপে ফেলা। তবে এমনটি মানতে নারাজ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেছেন, রাশিয়ার হাতে যথেষ্ট পরিমাণ আর্থিক সম্পদ রয়েছে। নিষেধাজ্ঞা সামাল দিতে মুদ্রা ছাপানোর দরকার পড়বে না।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়, স্থানীয় সময় বুধবার সকালে টেলিভিশনে সম্প্রচারিত এক সরকারি বৈঠকে এসব কথা বলেন রাশিয়া প্রেসিডেন্ট পুতিন। তিনি বলেন, পশ্চিমারা যদি মনে করে, নিষেধাজ্ঞার মুখে রাশিয়া পিছিয়ে যাবে, তাহলে তারা এখনো রাশিয়াকে বুঝে উঠতে পারেনি।

পুতিন বলেন, ‘নিষেধাজ্ঞা সামাল দিতে রাশিয়া কেন্দ্রীয় ব্যাংকের মুদ্রা ছাপানোর প্রয়োজন পড়বে না। নির্ধারিত লক্ষ্য পৌঁছাতে আমাদের অর্থনীতি ও ব্যবসা প্রতিষ্ঠানের হাতে প্রয়োজনীয় সব সম্পদ রয়েছে। এই চ্যালেঞ্জগুলো আমাদের গতিই শুধু বাড়িয়ে তুলবে।’

ইউরোপীয় কাউন্সিলে রাশিয়ার সদস্যপদ বাতিল

ইউক্রেনে হামলা শুরুর তিন সপ্তাহের মাথায় এসে ইউরোপীয় কাউন্সিল থেকে রাশিয়ার সদস্যপদ বাতিল করা হয়েছে। বুধবার এক বিবৃতি দিয়ে এ তথ্য জানিয়েছে সংস্থাটি।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে অভিযান শুরু করে রাশিয়া। এর পরদিনই রাশিয়াকে ইউরোপীয় কাউন্সিল থেকে বাদ দেওয়ার প্রক্রিয়া শুরু হয়। প্রায় ২৬ বছর ধরে এ কাউন্সিলের সদস্য ছিল রাশিয়া।