নিসে নিরাপত্তা ঘাটতির অভিযোগ তদন্ত হচ্ছে
ফ্রান্সের নিস শহরে ট্রাক হামলার ঘটনায় শহরটিতে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা ছিল না বলে যে অভিযোগ উঠেছে, সে ব্যাপারে পুলিশি তদন্তের সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। গতকাল বৃহস্পতিবার ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী বার্নার্ড কাজেনুয়েভে এ ঘোষণা দেন।
ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সত্যিই নিসে নিরাপত্তার কোনো ঘাটতি ছিল কি না, তা জাতীয় পুলিশের পরিদর্শকদের সমন্বয়ে গঠিত কমিটি তদন্ত করে দেখবে।
এদিকে ঘটনায় জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য আটক পাঁচ ব্যক্তিকে গতকাল প্যারিসের একটি আদালতে তোলা হয়। দেশটির বিচার বিভাগের এক সূত্র বলেছে, আটক ব্যক্তিদের এরই মধ্যে সন্ত্রাসবিরোধী ইউনিটের (এসডিএটি) হেফাজত থেকে আদালতে নিয়ে যাওয়া হয়েছে।
সরকারি কৌঁসুলি ফ্রাঙ্কোইস মোলিস গতকাল সংবাদ সম্মেলনে বলেন, আটক পাঁচজন হামলাকারী মোহাম্মদ লাউইজ বুলেলের সহযোগী ছিলেন। তাঁরা কয়েক মাস ধরে এ হামলার পরিকল্পনা করেন।
১৪ জুলাই রাতে বাস্তিল দিবসের আতশবাজির প্রদর্শনীতে হাজারো লোকের জমায়েতের ওপর ঝোড়োগতিতে একটি ভারী ট্রাক চালিয়ে দেন তিউনিসিয়ার বংশোদ্ভূত বুলেল (৩১)। এ হামলায় অন্তত ৮৪ জন নিহত হন। পরে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) হামলার দায় স্বীকার করে।