নিসে নিহতদের প্রতি শ্রদ্ধা, তোপের মুখে প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফ্রান্সের নিস শহরে বাস্তিল দিবসের উৎসবে জড়ো হওয়া জনতার ওপর ট্রাক চালিয়ে দেওয়ার ঘটনায় নিহত লোকজনের প্রতি শ্রদ্ধা জানাতে গতকাল সেখানে বহু মানুষ জড়ো হয়। ওই হামলায় অন্তত ৮৪ জন নিহত হয় l এএফপি
ফ্রান্সের নিস শহরে বাস্তিল দিবসের উৎসবে জড়ো হওয়া জনতার ওপর ট্রাক চালিয়ে দেওয়ার ঘটনায় নিহত লোকজনের প্রতি শ্রদ্ধা জানাতে গতকাল সেখানে বহু মানুষ জড়ো হয়। ওই হামলায় অন্তত ৮৪ জন নিহত হয় l এএফপি

ফ্রান্সের উপকূলীয় শহর নিসে হামলায় নিহত ব্যক্তিদের শ্রদ্ধা জানাতে ঘটনাস্থলে গিয়ে জনরোষের মুখে পড়েন ফরাসি প্রধানমন্ত্রী মানুয়েল ভালস। গতকাল সোমবার নিহত ব্যক্তিদের স্মরণে নিসে বহু মানুষ শ্রদ্ধা নিবেদন করেন। নিহত ব্যক্তিদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। ওই অনুষ্ঠানে যোগদান করতে গেলে বিক্ষোভকারীদের অনেকে ক্ষিপ্ত হয়ে ওঠেন।
১৪ জুলাই বাস্তিল দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মোহাম্মদ লাউইজ-বুলেল নামের এক তরুণ জনতার ওপর ট্রাক চালিয়ে দিলে ও গুলি করলে নিহত হয় ৮৪ জন। বাস্তিল দিবস উপলক্ষে উৎসবে যোগ দিতে গিয়েছিল এসব মানুষ। ওই ঘটনার পর গতকাল ভালস ও আরও দুই মন্ত্রী সেখানে যান। এ সময় সেখানে আসা কয়েক শ মানুষ চিৎকার করে বলতে থাকে ‘হত্যাকারী’ ও ‘পদত্যাগ করুন’, ‘পদত্যাগ করুন’।
নিসের হামলার পর ফ্রান্সজুড়ে এক শোকের আবহ তৈরি হয়েছে। গত দেড় বছরে তিনটি বড় ধরনের হামলা হলো। ফ্রান্সের বিরোধী দলগুলোর অভিযোগ, এসব হামলা ঠেকাতে যথেষ্ট সক্রিয় নয় দেশটির সমাজবাদী সরকার। তবে সরকার এসব অভিযোগ অস্বীকার করছে। নিসের সাম্প্রতিক হামলার বিষয়ে এখন সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, হামলাকারী লাউইজ-বুলেলের সঙ্গে কোনো জঙ্গি সংগঠনের যোগাযোগ ছিল না। সম্প্রতি হঠাৎ তিনি জঙ্গি হয়ে ওঠেন।