নিসে হামলার দায় স্বীকার করল আইএস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফ্রান্সের নিস শহরে ট্রাক হামলার ঘটনার দায় স্বীকার করেছে (ইসলামিক স্টেট) আইএস। আইএস পরিচালিত আমাক নিউজ এজেন্সির বরাত দিয়ে জঙ্গি সংগঠনগুলোর অনলাইন তৎপরতা পর্যবেক্ষণকারী ওয়েবসাইট ‘সাইট’ এ তথ্য জানায়। সেখানে জানানো হয়, আইএসের এক ‘সেনা’ এ হামলা চালিয়েছে।

এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, হামলাকারী ট্রাকচালকের সঙ্গে এই চারজনের যোগসূত্র ছিল। বিচারবিভাগীয় একটি সূত্রের বরাত দিয়ে এএফপি এ তথ্য জানায়।

গত বৃহস্পতিবার রাতে ভূমধ্যসাগরতীরের নয়নাভিরাম অবকাশ শহর নিসে বাস্তিল দিবসের আতশবাজির প্রদর্শনী দেখে ঘরে ফিরছিল হাজারো মানুষ। তাদের ওপর আচমকা ঝোড়োগতিতে একটি ভারী ট্রাক তুলে দেন এক যুবক। পিষে ফেলেন অনেক মানুষ। গুলিও ছুড়ছিলেন ওই চালক। একপর্যায়ে পুলিশের গুলিতে নিহত হন তিনি। ট্রাকটিও থেমে যায়। এ হামলায় ১০ শিশু-কিশোরসহ ৮৪ জন নিহত হয়েছেন। আহত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ১৮৮ জন। এঁদের মধ্যেও প্রায় ৫০টি শিশু রয়েছে।

গ্রেপ্তার হওয়া চারজনের মধ্যে গতকাল শুক্রবার রাতে একজনকে আর আজ শনিবার সকালে তিনজনকে ধরা হয়। ট্রাকের চালকের সাবেক স্ত্রীকেও পুলিশ আটক করেছে।

ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ দেশটির নিরাপত্তা-বিষয়ক শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক ডাকার পর সশস্ত্র বাহিনীগুলোর প্রধান ও মন্ত্রীদের সঙ্গে বৈঠক করেন তিনি। এ সময়ই এ গ্রেপ্তারের খবর আসে।

হামলাকারীর নাম মোহাম্মদ লাউইজ বুলেল (৩১)। তিনি তিউনিসীয় নাগরিক, তবে বৈধভাবেই নিস শহরে বাস করতেন। হামলায় ব্যবহৃত ট্রাকে মিলেছে তাঁর পরিচয়পত্র। ছোটখাটো অপরাধের ঘটনায় তাঁর জড়িত থাকার অভিযোগ ছিল, তবে জঙ্গি সন্দেহে তাঁর ওপর গোয়েন্দা নজরদারি ছিল না।
ফ্রান্সের প্রধানমন্ত্রী মানুয়েল ভালস গতকাল বলেছেন, হামলাকারী ব্যক্তি একজন ‘সন্ত্রাসী’ ছিলেন। ইসলামি কট্টরপন্থার সঙ্গে সম্ভবত তাঁর কোনো না কোনো যোগসাজশ ছিল। তবে স্বরাষ্ট্রমন্ত্রী বার্নার্ড কাজেনিউভি বলেন, এখনই এ বিষয়ে মন্তব্য করার সময় আসেনি।