নিহত ৪৪ জনের কফিন জার্মানিতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফ্রান্সে কো-পাইলটের ইচ্ছা করে বিধ্বস্ত করা জার্মান উড়োজাহাজের ৪৪ জন আরোহীর দেহাবশেষ গত মঙ্গলবার জার্মানিতে পৌঁছেছে। স্বজনদের দেখার সুযোগ দিতে ডুসেলডর্ফ বিমানবন্দরের ভেতরে রাখা হয় কফিনগুলো। গত মার্চ মাসে ওই উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে নিহত হয় মোট ১৫০ জন। খবর এএফপি ও বিবিসির।
জার্মানির বৃহত্তম বিমান পরিবহন সংস্থা লুফথানসার সহযোগী প্রতিষ্ঠান জার্মানউইংসের এয়ারবাস এ৩২০ বিমানটি স্পেন থেকে জার্মানি যাওয়ার সময় কো-পাইলট আন্ড্রিয়াস লুবিৎস ইচ্ছা করেই সেটিকে পাহাড়ে আছড়ে ফেলেন। ব্ল্যাক বক্স থেকে পাওয়া তথ্য অনুযায়ী তদন্তকারীরা এ বিষয়ে একরকম নিশ্চিত। প্রচণ্ড গতিতে পাহাড়ের গায়ে আছড়ে পড়ে আকাশযানটি কার্যত অসংখ্য টুকরায় পরিণত হয়। এতে আরোহী বিভিন্ন দেশের ১৫০ জনের সবার দেহই ছিন্নভিন্ন হয়ে যায়।
দীর্ঘ সময় ধরে উদ্ধার করার পর শনাক্ত হওয়া দেহাবশেষগুলো আরও আগে স্বদেশে পাঠানোর কথা থাকলেও মৃত্যুসনদে ভুল-ক্রুটি থাকায় বিলম্ব হয়। প্রথম দফায় ৪৪ জনের কফিন জার্মানিতে পাঠানো হলো। বিধ্বস্ত উড়োজাহাজটির ১৫০ আরোহীর ৭২ জনই ছিল জার্মানির নাগরিক।
লুফথানসার একটি বিশেষ ফ্লাইটে মঙ্গলবার ফ্রান্সের দক্ষিণাঞ্চলীয় শহর মার্শেই থেকে জার্মানির ডুসেলডর্ফে নিয়ে যাওয়া হয় ৪৪টি কফিন। সেগুলো গতকাল স্বজনদের দেখার সুযোগ করে দেওয়া হয়। পরে দেহাবশেষগুলো নিয়ে যাওয়ার কথা ছিল জোসেফ-কোয়েনিগ-জিমনেসিয়াম স্কুলে। জার্মানির উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর হালর্টানের এই স্কুলটির ১৬ কিশোর শিক্ষার্থীসহ ১৮ জন উড়োজাহাজটির আরোহী ছিল। এ ছাড়া দেহাবশেষ শনাক্ত করা ও দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া নিয়ে আলোচনা করতে ঘটনা তদন্তের নেতৃত্বে থাকা ফরাসি কৌঁসুলি আজ বৃহস্পতিবার নিহত আরও কয়েকজনের স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করবেন।
তদন্তকারীরা গত মাসেই ১৫০ আরোহীর সবার দেহাবশেষ শনাক্ত করার কাজ শেষ করেন। তবে গত সপ্তাহে কিছু পরিবারকে বলে দেওয়া হয়, মৃত্যুসনদ নিয়ে ঝামেলার কারণে কফিনগুলো পাঠাতে বিলম্ব হতে পারে। এতে স্বজনেরা ক্ষোভ প্রকাশ করেন। লুফথানসা জানিয়েছে, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই বাকি দেহাবশেষগুলো নিজ নিজ দেশে ফেরত পাঠানো হবে।