প্রবাসীদের মধ্যে তুরস্কের আসন্ন গণভোটের প্রচারণা নিয়ে দেশটির সঙ্গে ইউরোপীয় দেশগুলোর বিরোধ আরও তিক্ত রূপ নিয়েছে। তুরস্কের পরিবারবিষয়ক মন্ত্রী সভা করতে নেদারল্যান্ডস যাওয়ার পর দেশটির কর্তৃপক্ষ তাঁকে একপর্যায়ে ‘বহিষ্কার’ করে। তিনি দেশে ফিরে গতকাল রোববার নেদারল্যান্ডসের তীব্র সমালোচনা করেছেন।
এরপর তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বলেছেন, এর মূল্য নেদারল্যান্ডসকে অবশ্যই দিতে হবে। পশ্চিমের দেশ ‘ইসলামভীতিতে’ ভুগছে মন্তব্য করে তিনি নেদারল্যান্ডসের ওপর অবরোধ আরোপ করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের ওপর আহ্বান জানান।
সমাবেশ করা নিয়ে চলমান বিরোধের জেরে আগের দিনই এরদোয়ান নেদারল্যান্ডসকে ‘নাৎসিদের অবশিষ্ট অংশ’ বলে আখ্যায়িত করেন। কয়েক দিন আগে জার্মানিকেও তিনি নাৎসি আখ্যা দেন। এ নিয়ে দুই দেশের মধ্যে কয়েক দিন উত্তপ্ত বাক্যবিনিময় চলে।
তুরস্কের পরিবারমন্ত্রী ফাতমা বেতুল সায়ান কায়া গত শনিবার নির্ধারিত সমাবেশে যোগ দিতে নেদারল্যান্ডসে যান। কিন্তু সে দেশের রটারডামে তুর্কি কনস্যুলেটে তাঁকে ঢুকতে দেওয়া হয়নি। পরে পুলিশ মন্ত্রীকে জার্মানির সীমান্তে দিয়ে আসে। ডাচ প্রধানমন্ত্রী মার্ক রুট গতকাল সকালে এ খবর নিশ্চিত করেন।
ফাতমা বেতুল তুর্কি প্রেসিডেন্টের ক্ষমতা সম্প্রসারণের ব্যাপারে অনুষ্ঠেয় গণভোট নিয়ে সভার আয়োজন করে নেদারল্যান্ডস প্রবাসীদের সমর্থন জোগাড় করতে চেয়েছিলেন। ডাচ সরকার বলছে, নেদারল্যান্ডসেই কয়েক দিন পর সাধারণ নির্বাচন। এর আগে দেশটিতে এ ধরনের তুর্কি সমাবেশ করতে দিলে উত্তেজনা বাড়বে।
এর আগে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসগলুকে বহনকারী উড়োজাহাজকে নেদারল্যান্ডসে অবতরণ করতে দেশটির সরকার বাধা দেয়। পরে চাভুসগলু ফ্রান্সে চলে যান।
ডাচ প্রধানমন্ত্রী রুট ফেসবুকে লিখেছেন, তুরস্কের সঙ্গে নেদারল্যান্ডসের দূরত্ব ঘোচানোর ‘যৌক্তিক সমাধান’ খোঁজার চেষ্টা ‘অসম্ভব’ হয়ে পড়েছে। রটারডামে তুরস্কের পরিবারমন্ত্রীর আসার সিদ্ধান্তটা ‘দায়িত্বজ্ঞানহীন’ ছিল।
অন্যদিকে তুর্কি মন্ত্রী ফাতমা বেতুল সায়ান কায়া টুইটারে লিখেছেন, গণতন্ত্রের নামে এই ফ্যাসিবাদী কাজের বিরুদ্ধে বিশ্ববাসীকে অবশ্যই একটি অবস্থান নিতে হবে। একজন নারী মন্ত্রীর প্রতি এ ধরনের আচরণ কখনোই গ্রহণযোগ্য নয়।
গতকাল সকালে রটারডাম শহরে তুর্কি কনস্যুলেট এলাকায় বিক্ষোভ হয়। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান ও ঘোড়া ব্যবহার করে।
বিশ্লেষকেরা বলছেন, কূটনৈতিক বিরোধ হিসেবে শুরু হলেও তুর্কি-ডাচ সম্পর্ক এখন দ্বিপক্ষীয় সংকটে রূপ নিয়েছে।
তুরস্ক সংসদীয় সরকার থেকে প্রেসিডেন্টশাসিত পদ্ধতি চালু করার লক্ষ্যে আগামী ১৬ এপ্রিল গণভোট আয়োজন করতে যাচ্ছে। এতে সফল হলে এরদোয়ান বাড়তি ক্ষমতা পাবেন। ফলে তিনি মন্ত্রী নিয়োগ থেকে শুরু করে বাজেট, জ্যেষ্ঠ বিচারক বাছাই এবং ফরমান দিয়ে সুনির্দিষ্ট আইন চালু করার সুযোগ পাবেন। সর্বোপরি তিনি একাই জরুরি অবস্থা জারি এবং পার্লামেন্ট বিলোপ করতে পারবেন।
গণভোটে সাফল্যের জন্য এরদোয়ানের তুরস্কের ভেতরে-বাইরে বসবাসকারী নাগরিকদের সমর্থন দরকার। দেশটির প্রায় ৫৫ লাখ মানুষ বিদেশে থাকেন। ‘হ্যাঁ’ ভোটকে জয়ী করতে এরদোয়ানের জন্য ওই প্রবাসীদের সমর্থন সংগ্রহ করাটা জরুরি। সেই লক্ষ্যে জার্মানি, অস্ট্রিয়া ও নেদারল্যান্ডসে বেশ কিছু সমাবেশের পরিকল্পনা করেছে সরকার। কিন্তু ইউরোপের অনেক দেশ এসব সমাবেশ আয়োজনে বাধা দিচ্ছে।