নেননি টিকা, পাত্তা দেননি মহামারি, অবশেষে শিল্পীর মৃত্যু
হানা হোরকা চেক প্রজাতন্ত্রের লোকসংগীত শিল্পী। দেশটির পুরোনো লোকগানের দলগুলোর অন্যতম ‘অ্যাসোন্যান্সের’ সদস্য তিনি। তাঁর স্বামী ও ছেলে করোনায় আক্রান্ত হলে তাঁকে আইসোলেশনে থাকতে বলা হয়েছিল। কিন্তু এতে পাত্তা দেননি তিনি। স্বামী ও ছেলে করোনার টিকা নিলেও তিনি ছিলেন টিকা বিরোধী। অবশেষে করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন তিনি।
যুক্তরাজ্যের গণমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, ৫৭ বছর বয়সী এই সংগীত শিল্পী সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়েছিলেন, তিনি করোনা থেকে সেরে উঠছেন। কিন্তু এই পোস্ট দেওয়ার দুদিন পর মারা গেলেন তিনি।
বড়দিনে হানার ছেলে জ্যান রেক ও তাঁর স্বামী করোনায় আক্রান্ত হন। রেক বলেন, এই সময় তাঁর মা তাদের কাছ থেকে দূরে না থেকে ইচ্ছে করে দুজনের সংস্পর্শে এসেছেন। এর পেছনে কারণ ছিল। হানা চাইছিলেন, তিনি করোনায় সংক্রমিত হলে এবং সুস্থ হয়ে ওঠার পর একটি পাস পাবেন। এই পাস দিয়ে বিভিন্ন জায়গায় যেতে পারবেন তিনি। কারণ, টিকা না নেওয়া থাকলে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে, সিনেমা হলে, পানশালায়, ক্যাফেতে যেতে দেওয়া হচ্ছে না চেক প্রজাতন্ত্রে।
রেক বলেন, ‘আমরা করোনায় আক্রান্ত হওয়ার পর মার অন্তত এক সপ্তাহ আইসোলেশনে থাকা উচিত ছিল। উল্টো তিনি সব সময় আমার সঙ্গে থেকেছেন।’
গত রোববার হানা মারা যান। এর আগে তিনি বলেছিলেন, তিনি এখন ভালো বোধ করছেন। হাঁটতেও বের হয়েছিলেন তিনি। কিন্তু একটু পরে ফিরে আসেন। তখন তাঁর খারাপ লাগছিল। শুয়ে পড়েছিলেন তিনি। এর ১০ মিনিটের মধ্যে তিনি মারা যান।
ছেলে রেক বলেন, করোনাভাইরাসের টিকা নিয়ে যে ষড়যন্ত্র তত্ত্বগুলো ছড়ানো হয়েছে সেগুলোয় বিশ্বাস করতেন তাঁর মা। তাঁর মা বিশ্বাস করতেন, এসব টিকার মাধ্যমে মাইক্রো চিপ ঢুকিয়ে দেওয়া হচ্ছে মানুষের শরীরে। রেক বলেন, তাঁর মার বিশ্বাস ছিল, টিকা নেওয়ার চেয়ে করোনায় আক্রান্ত হওয়া ভালো।