তুরস্কের ইস্তাম্বুলে গত শুক্রবার রাতে সেনা ট্যাংকের দাপিয়ে বেড়ানো আর ক্ষমতাসীন দলের সদর দপ্তরে বিদ্রোহী সেনাদের হানায় মনে হচ্ছিল, মধ্যপ্রাচ্যের সবচেয়ে শক্তিশালী সরকারটিকে বুঝি সত্যিই উৎখাত করা হয়েছে।
তুরস্কের পার্লামেন্ট ভবন এলাকায় বিস্ফোরণ, সেনা সদর দপ্তরের নিয়ন্ত্রণ নেওয়া, রাষ্ট্রীয় সংবাদমাধ্যম অবরোধ আর সরকারের নিয়ন্ত্রণ বিদ্রোহী সেনাদের হাতে বলে ঘোষণা আসার পর এই আশঙ্কার পালে যেন আরও হাওয়া লাগে।
কিন্তু শনিবার নাগাদ পরিষ্কার হয়ে যায়, তুরস্কে অভ্যুত্থানের চেষ্টা ব্যর্থ হয়েছে। দেশটির সরকার বলেছে, এই চেষ্টায় জড়িত থাকার অভিযোগে অন্তত ছয় হাজার ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এখন জিজ্ঞাসাবাদ চলছে। জানার চেষ্টা করা হচ্ছে, কে বা কারা তাঁদের নেতৃত্ব দিয়েছেন, কী কারণে তাঁরা অভ্যুত্থানের চেষ্টাটি করেছেন।
প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সরকার অভিযোগ করেছে, হিজমত আন্দোলনের নেতা ফেতুল্লাহ গুলেনের অনুসারীরাই অভ্যুত্থানের ওই চেষ্টাটি চালিয়েছেন। তবে এরদোয়ানের একসময়ের মিত্র গুলেন তাঁর বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করেছেন। ক্ষমতাসীন একে পার্টির সহযোগী সংগঠন হিসেবেই পরিচিত ছিল গুলেনের হিজমত সংগঠন। দুই নেতার সম্পর্কে তিক্ততার সৃষ্টি হওয়ার পর তুরস্কের সরকার হিজমতকে সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যায়িত করেছে। তুর্কি সরকারের একটি সূত্র নাম প্রকাশ না করার শর্তে বলেছে, ‘অভ্যুত্থান চেষ্টার সবখানেই গুলেনের আবহ বিরাজমান। এ চেষ্টায় নেতৃত্ব দেওয়া বহু নেতারই হিজমতের নেতৃত্বস্থানীয় ব্যক্তিদের সঙ্গে সরাসরি যোগাযোগ রয়েছে।’ সূত্রটি আরও বলেছে, অভ্যুত্থানের চেষ্টায় জড়িত ব্যক্তিদের কাছে ৯ হাজার ১৩০ জনের একটি তালিকা ছিল, যাঁদের তাঁরা গ্রেপ্তার করতেন। সেই সঙ্গে শতাধিক ব্যক্তির একটি তালিকাও ছিল, যাঁদের তাঁরা পদোন্নতি দিতেন। তিনি বলেন, ‘আমাদের ধারণা বলছে, কিছুটা সময় নিয়েই অভ্যুত্থানের প্রস্তুতি নেওয়া হয়েছিল।’
ইউরোপীয় কাউন্সিলের পররাষ্ট্র সম্পর্ক বিভাগে তুরস্কের বিশ্লেষক আসলি আয়দিনতাসবাসও মনে করেন, অভ্যুত্থানের এই চেষ্টাটি ছিল সুপরিকল্পিত। তবে এর সঙ্গে হিজমত সংগঠন কোনোভাবে জড়িত কি না, তা নিয়ে সন্দিহান তিনি। আয়দিনতাসবাসের ভাষায়, ‘সরকার বলছে, গুলেনের অনুসারীরাই এই অভ্যুত্থানের চেষ্টাটি করেছিলেন। কিন্তু আমাদের এ ব্যাপারে আরও চিন্তা করা উচিত। অন্য কোনো পক্ষেরও এর পেছনে ইন্ধন থাকতে পারে।’
তবে আঙ্কারা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানী দোগু এরগিলের মতে, অত্যন্ত দুর্বল পরিকল্পনার ওপর ভর করে অভ্যুত্থানের চেষ্টাটি চালানো হয়েছিল। তিনি বলেন, ‘এমন একটা অপেশাদারি অভ্যুত্থানের চেষ্টা চালিয়ে হিজমতের নিজের সর্বনাশ ডেকে আনার কথা না। আমার এ ব্যাপারে সন্দেহ আছে।’