নেমৎসভ হত্যায় অভিযুক্ত ২, আটক ৩

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কঠোর সমালোচক বরিস নেমৎসভের হত্যাকাণ্ডের ঘটনায় দুজনকে অভিযুক্ত করেছেন মস্কোর একটি আদালত। এ ঘটনায় অপর তিন সন্দেহভাজনকে কারাগারে পাঠানো হয়েছে।
আজ সোমবার বিবিসি অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, গতকাল রোববার ওই পাঁচজনকে মস্কোর আদালতে তোলা হয়।
পাঁচজনের মধ্যে দুজনকে অভিযুক্ত করে কারাগারে পাঠিয়েছেন আদালত। বাকি তিনজনকে গতকাল পর্যন্ত অভিযুক্ত করা হয়নি। তবে তাঁদেরও কারাগারে পাঠানো হয়েছে।
অভিযুক্ত দুজন হলেন জাউর দাদাইয়েভ ও আনজর গুবাশেভ। তাঁরা চেচেন বংশোদ্ভূত। এঁদের মধ্যে জাউর স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
কারাগারে থাকা এই পাঁচজনের বাইরে হত্যাকাণ্ডে জড়িত অপর এক ব্যক্তি নিজেই নিজেকে হত্যা করেছেন বলে দাবি নিরাপত্তা বাহিনীর।
৫৫ বছর বয়স্ক নেমৎসভকে ২৭ ফেব্রুয়ারি রাতে মস্কোতে ক্রেমলিনের কাছেই আততায়ীরা পর পর চারটি গুলি করে হত্যা করে। এ হতাকাণ্ডে দেশে-বিদেশে নিন্দার ঝড় ওঠে।