নেমৎসভকের জন্য মস্কোয় শোকমিছিল আজ
ক্রেমলিনের কট্টর সমালোচক রাশিয়ার সাবেক উপপ্রধানমন্ত্রী বরিস নেমৎসভকের প্রতি শ্রদ্ধা জানাতে আজ রোববার মস্কোর রাজপথে নামবে হাজারো জনতা।
ইউক্রেনে রাশিয়ার বিতর্কিত ভূমিকার বিরুদ্ধে মস্কোতে আজ রোববারের এক প্রতিবাদ কর্মসূচিতে সমর্থন জানানোর কয়েক ঘণ্টার মধ্যে খুন হন উদারপন্থী এই নেতা।
বিবিসি অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, মস্কোতে আজ যুদ্ধবিরোধী এক সমাবেশে নেমৎসভকের নেতৃত্ব দেওয়া কথা ছিল। এখন তাঁর সমর্থকেরা আজ শোকমিছিল করবেন।
বিরোধী সমর্থকেরা আজ স্থানীয় সময় বেলা দুইটার দিকে মস্কোর কেন্দ্রস্থলে জড়ো হবেন। এরপর তাঁরা সেখান থেকে শোকমিছিল নিয়ে নেমৎসভকের নিহত হওয়ার স্থানে যাবেন। মিছিলে ৫০ হাজারেও বেশি মানুষ অংশ নিতে পারে বলে ধারণা করছেন আয়োজকেরা।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কঠোর সমালোচক ৫৫ বছর বয়সী নেমৎসভকে স্থানীয় সময় শুক্রবার দিবাগত রাতে মস্কোর রাজপথে গুলি করে হত্যা করা হয়।
পুলিশের একটি সূত্র জানায়, রাত সাড়ে ১১টার দিকে রুশ প্রেসিডেন্টের সরকারি বাসভবন ক্রেমলিনের খুব কাছেই হেঁটে বলশয় মস্কভোরেৎস্কি সেতু পার হওয়ার সময় একটি গাড়ি থেকে নেমৎসভকে পিস্তল দিয়ে গুলি করে আততায়ীরা দ্রুত সরে পড়ে।
নেমৎসভকের নিহত হওয়ার স্থানে ফুল দিয়ে ও মোমবাতি জ্বেলে গতকাল শনিবার শ্রদ্ধা জানিয়েছেন হাজারো মানুষ।
এই হত্যাকাণ্ডকে ‘রাজনৈতিক’ বলে অভিহিত করেছেন নেমৎসভকের সমর্থক ও মিত্ররা। তবে এ হত্যাকাণ্ডকে ‘উসকানি’ হিসেবে উল্লেখ করেছেন প্রেসিডেন্ট পুতিন। তিনি নেমৎসভকের মাকে হত্যাকারীদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করার আশ্বাস দিয়েছেন।
তদন্তকারীরা বলছেন, হত্যাকাণ্ডের নানা দিক খতিয়ে দেখা হচ্ছে। এর মধ্যে ইসলামপন্থী জঙ্গিদের সংশ্লিষ্টতা এবং নেমৎসভকে হত্যা করে প্রেসিডেন্টকে দোষ দিতে বিরোধীদের সম্ভাব্য পরিকল্পনার দিকও রয়েছে।
আরও পড়ুন: