নেমৎসভের শেষকৃত্যে হাজারো মানুষের শ্রদ্ধা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাশিয়ায় আততায়ীর হামলায় নিহত পুতিনবিরোধী নেতা ও সাবেক উপপ্রধানমন্ত্রী বরিস নেমৎসভের শেষকৃত্যে গতকাল মঙ্গলবার হাজার হাজার মানুষ যোগ দেন। তবে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বেশ কয়েকজন রাজনীতিক এবং রাশিয়ার বিরোধীদলীয় নেতাদের মস্কোর ওই অনুষ্ঠানে অংশ নিতে দেওয়া হয়নি। খবর এএফপি ও বিবিসির।
শ্রদ্ধা নিবেদনের জন্য নেমৎসভের মরদেহ গতকাল সকালে মস্কোর কেন্দ্রস্থলে আন্দ্রেই শাখারভ মানবাধিকার কেন্দ্রে রাখা হয়। প্রথম যাঁরা সেখানে যান, তাঁদের মধ্যে ছিলেন যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী জন মেজর। নিহত নেমৎসভের মা ৮৭ বছর বয়সী দিনা ইদমান একটি কালো স্কার্ফ পরে উপস্থিত হন। অন্যান্যের মধ্যে ছিলেন রাশিয়ার উপপ্রধানমন্ত্রী আর্কাদি দভোরকোভিচ, সাবেক প্রধানমন্ত্রী মিখাইল কাসিয়ানভ প্রমুখ।
প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ওই শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দেননি। পরিবর্তে ক্রেমলিনের নিচু সারির কর্মকর্তাদের পাঠানো হয়। অনুষ্ঠানে পোল্যান্ডের উপপররাষ্ট্রমন্ত্রী কনরাড পাওলিক এবং লিথুয়ানিয়ার পররাষ্ট্রমন্ত্রী লিনাস লিনকেভিসিয়াসেরও যোগ দেওয়ার কথা ছিল। কিন্তু ওই দুই দেশের একাধিক জ্যেষ্ঠ কর্মকর্তা গত সোমবার জানান, পাওলিক ও লিনকেভিসিয়াসকে রাশিয়ায় প্রবেশ করতে দেওয়া হয়নি। আরেক বিশিষ্ট পুতিনবিরোধী নেতা আলেক্সেই নাভালনিকে নেমৎসভের শেষকৃত্যে যোগ দিতে কারাগার থেকে বেরোনোর অনুমতি দেওয়া হয়নি।
পুতিনের কঠোর সমালোচক হিসেবে পরিচিত বরিস নেমৎসভ (৫৫) গত শুক্রবার রাতে প্রেসিডেন্ট পুতিনের কার্যালয় ক্রেমলিনের কাছেই একটি সেতু পার হওয়ার সময় আততায়ীর গুলিতে নিহত হন। সরকারি পর্যায়ে দুর্নীতি এবং সম্প্রতি ইউক্রেনে যুদ্ধের ব্যাপারে রাশিয়ার নীতির কড়া সমালোচনা করতেন উদারপন্থী গণতন্ত্রী নেমৎসভ।
নেমৎসভের বান্ধবী কিয়েভে: নেমৎসভের বান্ধবী ২৩ বছর বয়সী গানা দুরিৎস্কা ছিলেন ওই হত্যাকাণ্ডের প্রধান প্রত্যক্ষদর্শী। জিজ্ঞাসাবাদ শেষে ইউক্রেনীয় এই মডেলকে রাজধানী কিয়েভে ফিরে যাওয়ার সুযোগ দেওয়া হয়েছে। এর আগে তদন্তের কথা বলে পুলিশ তাঁকে দেশত্যাগে বাধা দিয়েছিল।