নেমৎসভের স্মৃতিতে হাজারো রুশের মিছিল
সদ্য হত্যাকাণ্ডের শিকার বিশিষ্ট রাজনীতিক পুতিনবিরোধী নেতা বরিস নেমৎসভের স্মৃতিতে হাজারো রুশ গতকাল রোববার রাজধানী মস্কোতে মিছিল করেছে। শুক্রবার রাতে আততায়ীরা ক্রেমলিনের খুব কাছেই গুলি করে নেমৎসভকে হত্যা করে। এ হত্যাকাণ্ড দেশ-বিদেশে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে।
এদিকে হত্যার ঘটনাটি তদন্তে গঠিত উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি গতকাল বলেছে, ইসলামি জঙ্গিবাদীরা এ হত্যাকাণ্ড ঘটিয়ে থাকতে পারে। খবর এএফপি, বিবিসি ও ইন্ডিপেনডেন্টের।
মস্কোর মিছিলকারীরা ‘তিনি মুক্ত রাশিয়ার জন্য লড়েছেন’ এবং ‘তিনি রাশিয়ার ভবিষ্যতের জন্য জীবন দিয়েছেন’ ইত্যাদি লেখা প্ল্যাকার্ড বহন করে।
অন্যদিকে দেশের দ্বিতীয় বৃহত্তম নগর সেন্ট পিটার্সবুর্গে আড়াই থেকে তিন হাজার মানুষ মিছিল করে। তাদের অনেকের গায়ে জড়ানো ছিল ইউক্রেনের পতাকা। নিহত নেমৎসভ প্রতিবেশী ইউক্রেনে রাশিয়ার কথিত হস্তক্ষেপের বিরোধী ছিলেন। প্রেসিডেন্ট পুতিনের এই কড়া সমালোচক ছিলেন একজন সাবেক উপপ্রধানমন্ত্রী।
ইউক্রেন সংকট নিয়ে রাশিয়ার বিতর্কিত ভূমিকার বিরুদ্ধে গতকালই বিরোধী দলের বড় ধরনের এক সমাবেশে নেতৃত্ব দেওয়ার কথা ছিল নেমৎসভের। কিন্তু তাঁর খুন হওয়ার মধ্য দিয়ে ওই সমাবেশ শোক মিছিলে পরিণত হয়। ক্রেমলিনের বিরোধীরা এই হত্যাকাণ্ডকে ‘রাজনৈতিক সন্ত্রাস’ বলে অভিহিত করেছেন।
হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একে ‘প্ররোচিত’ হত্যাকাণ্ড বলে অভিহিত করেন। পাশাপাশি তিনি শোক প্রকাশ করে নেমৎসভের ৮৭ বছর বয়সী মাকে টেলিগ্রাম পাঠান। তিনি ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচারের আওতায় আনারও প্রতিশ্রুতি দিয়েছেন।
তদন্তকারীরা প্রাথমিকভাবে বলছেন, পুঙ্খানুপুঙ্খ পরিকল্পনার মাধ্যমে এই উদারপন্থী রাজনীতিককে হত্যা করা হয়েছে। তাঁরা সরাসরি প্রেসিডেন্ট পুতিনের কাছে প্রতিবেদন দেবেন। ওই কমিটি এর আগে জানায়, ইউক্রেনের সংঘাতের সঙ্গে ঘটনার কোনো যোগসূত্র আছে কি না, তা তারা খতিয়ে দেখছে।
সরকারবিরোধী এবং উদারপন্থী রুশরা বলছেন, সরকার যদি এই হত্যাকাণ্ডে জড়িত না-ও থাকে, ভিন্নমত পোষণকারীদের প্রতি ঘৃণা সৃষ্টির জন্য ক্রেমলিন সরাসরি দায়ী। এ পরিস্থিতিই ওই হত্যাকাণ্ডকে সম্ভব করে তুলেছে।