নোবেল পুরস্কার নিতে সুইডেন যাচ্ছেন না ডিলান
সাহিত্যে নোবেল পুরস্কার পাওয়া খ্যাতিমান মার্কিন সংগীতশিল্পী বব ডিলান সশরীরে সুইডেনে গিয়ে এ পুরস্কার গ্রহণ করছেন না। নোবেল পুরস্কার প্রদানকারী সুইডিশ একাডেমি জানিয়েছে, তাদেরকে চিঠি লিখে ডিলান বলেছেন, আগে থেকেই অন্য অঙ্গীকার থাকায় পুরস্কার নিতে তিনি সে দেশে যেতে পারছেন না।
সুইডিশ একাডেমি বলেছে, চিঠিতে বব ডিলান বলেছেন, এই পুরস্কার পেয়ে তিনি অনেক সম্মানিত বোধ করছেন এবং অনুষ্ঠানে উপস্থিত থেকে তা গ্রহণ করতে পারলে খুশি হতেন।
১৩ অক্টোবর নোবেল পুরস্কারের ঘোষণার পর সবাইকে বিস্মিত করে প্রায় দুই সপ্তাহ এ বিষয়ে নীরব ছিলেন বব ডিলান। পরে ২৯ অক্টোবর মুখ খুলে জানিয়েছিলেন, আসলে নোবেল পাওয়ার খবরে তিনি অভিভূত হয়ে ‘ভাষা হারিয়ে’ ফেলেছিলেন। নোবেল ফাউন্ডেশন এক বিবৃতিতে এ কথা জানিয়েছিল। নীরবতা ভাঙলেও সুইডেনের রাজধানী স্টকহোমে আগামী ১০ ডিসেম্বর অনুষ্ঠেয় পুরস্কার হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত থাকবেন কি না, তখন তা স্পষ্ট করে জানাননি শিল্পী।
বব ডিলানের নীরবতায় সুইডিশ একাডেমির সদস্য পার ওয়াস্টবার্গ বলেছিলেন, এই নীরবতা ‘অভদ্র ও অহংকারী’ আচরণ। নিজে নোবেল পুরস্কার না নেওয়া ব্যক্তি বব ডিলানই প্রথম নন, এর আগে হ্যারল্ড পিন্টার এবং ডরিস লেসিং ২০০৫ ও ২০০৭ সালে পুরস্কার প্রদান অনুষ্ঠানে যাননি।
নিয়ম অনুযায়ী আগামী বছরের জুনের মধ্যে নোবেল বক্তৃতা দিতে হবে এই গায়ককে। সুইডিশ একাডেমি গতকালের বিবৃতিতে বলেছে, ‘আমরা বব ডিলানের নোবেল বক্তৃতা প্রত্যাশা করছি। এটিই একমাত্র শর্ত, যা তাঁকে অবশ্যই পালন করতে হবে। ২০১৬ সালের ১০ ডিসেম্বর থেকে শুরু করে পরবর্তী ছয় মাসের মধ্যে তাঁকে এই বক্তৃতা দিতে হবে।’
একাত্তরে বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালে জনমত গঠন ও তহবিল সংগ্রহের কাজে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে আয়োজিত ‘কনসার্ট ফর বাংলাদেশ’-এর সঙ্গে যুক্ত থাকার জন্য এ দেশের সঙ্গেও জড়িয়ে আছে বব ডিলানের নাম।