নোবেলজয়ী গ্যুন্টার গ্রাস আর নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্যুন্টার গ্রাস l ছবি: নাসির আলী মামুন
গ্যুন্টার গ্রাস l ছবি: নাসির আলী মামুন

জার্মানির নোবেলজয়ী সাহিত্যিক গ্যুন্টার গ্রাস আর নেই। দেশটির উত্তরাঞ্চলের লুবেক শহরের একটি হাসপাতালে গতকাল সোমবার তিনি মারা গেছেন। তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর। খবর দ্য গার্ডিয়ান ও বিবিসির।
গ্যুন্টার গ্রাসের প্রতিভা ছিল বহুমুখী। একই সঙ্গে তিনি ছিলেন ঔপন্যাসিক, কবি, প্রাবন্ধিক, নাট্যকার, ভাস্কর ও চিত্রশিল্পী। প্রথম উপন্যাস টিন ড্রাম (১৯৫৯) প্রকাশের মধ্য দিয়ে বিশ্বসাহিত্যে তিনি তাঁর প্রবল আবির্ভাবের ঘোষণা দেন। এ উপন্যাস তাঁকে পৃথিবীজুড়ে ব্যাপক পরিচিতি এনে দেয়।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পটভূমিতে মায়া ও বাস্তব মেশানো উপন্যাস টিন ড্রাম তাঁকে পৌঁছে দেয় খ্যাতির চূড়ায়। জীবদ্দশায় তিনি বহু আন্তর্জাতিক পুরস্কারে সম্মানিত হন। সাহিত্যের সবচেয়ে গৌরবময় নোবেল পুরস্কার পান ১৯৯৯ সালে। এ পুরস্কার দেওয়ার সময় সুইডিশ অ্যাকাডেমির পক্ষ থেকে বলা হয়েছিল, গ্যুন্টার গ্রাস তাঁর সাহিত্যে নিপুণ হাতে ‘ইতিহাসের বিস্মৃত মুখচ্ছবি’ এঁকেছেন।
কিংবদন্তি লেখক গ্যুন্টার গ্রাসের জন্ম ১৯২৭ সালে, পোল্যান্ডের ডানজিগ শহরে। দ্বিতীয় বিশ্বযুদ্ধকালে তিনি সেনাবাহিনীতে যোগ দেন। মার্কিন সেনাদের হাতে ধরা পড়ে ১৯৪৪ থেকে ১৯৪৬ সাল পর্যন্ত প্রায় দুই বছর তিনি বন্দী ছিলেন। পরে মুক্তি পেয়ে তিনি খামারশ্রমিকের কাজ করেন। পরবর্তীকালে তিনি চিত্রকলা নিয়ে পড়াশোনা করেন ডুসেলডর্ফ ও বার্লিনে। বিশ্ববিখ্যাত লেখক হেরমান মেলভিল, উইলিম ফকনার, টমাস উল্ফ ও জন ডস প্যাসোসের লেখার তিনি অনুরাগী ছিলেন।
গ্যুন্টার গ্রাসের উল্লেখযোগ্য অন্য বইগুলোর মধ্যে রয়েছে: ক্যাট অ্যান্ড মাউস, ক্র্যাব ওয়াক, ডগ ইয়ার্স, দ্য ফ্লাউন্ডার, পিলিং দ্য অনিয়ন, মাই সেঞ্চুরি, দ্য র্যাট প্রভৃতি।
জার্মানির গণমাধ্যমের খবরের বরাত দিয়ে প্রথম আলোর হ্যানোভার (জার্মানি) প্রতিনিধি সরাফ আহমেদ জানিয়েছেন, জার্মানির সহকারী চ্যান্সেলর জিগমার গাব্রিয়েল, পররাষ্ট্রমন্ত্রী ফ্রাঙ্ক ভালটার স্টাইমায়ারসহ রাজনীতি ও সাহিত্য-সংস্কৃতি অঙ্গনের অনেকে গ্যুন্টার গ্রাসের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। জার্মান জাতির বিবেক হিসেবে খ্যাত গ্যুন্টার গ্রাসের মৃত্যুর খবর দেশটির টেলিভিশন চ্যানেলগুলো গুরুত্বের সঙ্গে সম্প্রচার করে। তাঁর নানা লেখা এবং স্পষ্টবাদী ও দুঃসাহসী বক্তব্য নিয়ে শোকগাথা ও প্রতিবেদন সম্প্রচার করে।
গ্রাসের বাংলাদেশ সফর: ১৯৮৬ সালে গ্যুন্টার গ্রাস বাংলাদেশ সফরে এসেছিলেন। এ সফরের সময় স্ত্রী উটে গ্রাসও তাঁর সঙ্গে ছিলেন। ঢাকা শহরে তিনি রিকশায় ও পায়ে হেঁটে বেড়িয়েছেন। জাতীয় জাদুঘরে জয়নুল আবেদিনের ছবি দেখে তিনি মুগ্ধ হন। লালবাগের কেল্লা ঘুরে দেখেন। এ ছাড়া মোহাম্মদপুরে বিহারি ক্যাম্প দেখতে যান। ভোরে গ্রাম দেখতে বের হন। কুমার, তাঁতি ও বস্তিবাসীদের জীবন তিনি খুব কাছে থেকে দেখেন। দিনপঞ্জিতে সেসব অভিজ্ঞতার বিবরণ তিনি লিখেছেন।
রাজধানী ঢাকা সম্পর্কে গ্যুন্টার গ্রাস লেখেন, ‘৬০ লাখ লোকের একটি প্রায় শহরতলী, একটি দেশের রাজধানী, যে দেশ আয়তনে বাভারিয়্যর প্রায় দ্বিগুণ, কিন্তু লোকসংখ্যা ১০ কোটিরও বেশি, প্রতিবছর এ সংখ্যা তিন শতাংশ হারে বাড়ছে। পড়তে ও লিখতে জানে মাত্র ২০ শতাংশ মানুষ। ১৯৪৬-৪৭ সালের নরমেধযজ্ঞ বা ১৯৭১ সালের লোকক্ষয়—বাংলাদেশ যখন স্বাধীনতা লাভ করে—কোনো কিছুতেই এই পরিসংখ্যানের উন্নতি ঘটেনি, ফি-বছরের বন্যা ও তার পরবর্তী মহামারিতেও নয়।’
ঢাকার সঙ্গে কলকাতার তুলনামূলক চিত্র তুলে ধরে দিনপঞ্জিতে গ্যুন্টার গ্রাস লিখেন, ‘কলকাতার চেয়ে এখানে মোটরগাড়ি কম, কিন্তু অনুমোদিত রিকশাই আছে এক লাখের মতো। বাতাস কলকাতার চেয়ে ভালো, রাস্তাঘাটে আবর্জনা কম, গরু-বাছুর পথ রোধ করে নেই। আর শহরে প্রবেশের রাস্তাগুলো প্রশস্ত, সামরিক কুচকাওয়াজের উপযোগী, খানাখন্দ নেই।’
বাংলাদেশের শীতের ভোরের বর্ণনা করতে গিয়ে গ্যুন্টার গ্রাস লেখেন, ‘ভোর পাঁচটায় বেরিয়ে পড়ি গ্রামের উদ্দেশে। সকালের তাজা হাওয়ায় জমে যাওয়া শরীরগুলো কাপড়, শাল, কাঁথা-কম্বলে মোড়ানো। অধিকাংশ ঘরের চালা টিনের। পশ্চিমবঙ্গের তুলনায় এখানকার গ্রাম ঘন। একটি গ্রাম মিশে আছে আরেকটি গ্রামের সঙ্গে। আমাদের গন্তব্য টাঙ্গাইলের একটি মসলিন বাজার। মানুষের চাপে প্রদর্শনীর জন্য রাখা কাপড়ের রোলগুলো প্রায় দেখাই যায় না। কিন্তু যে মধ্যস্বত্বভোগী দালালেরা এই বাজার নিয়ন্ত্রণ করে তারা ছাড়া বায়বীয় জাল কে আর কিনতে পারে?’
লালবাগের কেল্লা ঘুরে দেখার প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে গ্যুন্টার গ্রাস তাঁর দিনপঞ্জিতে বলেন, ‘আমরা দেখতে গেলাম মোগল যুগের বিশাল লালবাগ কেল্লার অশেষ। খুব দীনহীন একটি জাদুঘর সেখানে আছে। বেশি কিছু সেখানে থাকলেও অন্ততপক্ষে তার দৈন্যদশা এই সাক্ষ্য দেয় যে, সংস্কৃতিলোলুপ ইংরেজরা কী নির্মমভাবে তাদের নিজেদের জাদুঘরগুলো সমৃদ্ধ করেছে।’
গ্রাসের এই উপমহাদেশের স্মৃতিকথায় বাংলাদেশ এভাবে ওতপ্রোত হয়ে মিশে আছে।