নৈশ ক্লাবে হামলা: ২ বিদেশি আটক
তুরস্কের ইস্তাম্বুলে নৈশ ক্লাবে হামলার ঘটনায় জড়িত সন্দেহে বিমানবন্দর থেকে দুই বিদেশিকে আটক করা হয়েছে। তুরস্কের বার্তা সংস্থা দোগান এ তথ্য জানায় বলে এএফপির খবরে বলা হয়।
আতাতুর্ক আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবেশের সময় তাদের আটক করে পুলিশ সদর দপ্তরে নিয়ে যাওয়া হয়। সেখানে তাদের জিজ্ঞাসাবাদ করা হবে।
এর আগে গতকাল সোমবার এ ঘটনায় আটজন আটক হয়েছেন বলে বলা হলেও এখন তা বেড়ে দাঁড়িয়েছে ১৬ জনে।
নৈশ ক্লাবে বন্দুকধারীর গুলিতে দেশি-বিদেশি অন্তত ৩৯ জন নিহত হয়। আহত হয়েছে কমপক্ষে ৪০ জন। হামলার সময় সেখানে অন্তত ৬০০ ব্যক্তি অবস্থান করছিল।
এরই মধ্যে এক বিবৃতি দিয়ে এ হামলার দায় স্বীকার করেছে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)।
দেশটির গণমাধ্যমের খবরে বলা হয়, এ ঘটনায় প্রধান সন্দেহভাজন ইস্তাম্বুলে যাওয়ার আগে কনিয়া শহরে ফ্ল্যাট ভাড়া করে থাকতেন। এখনো তার পরিচয় না পাওয়া গেলেও বলা হচ্ছে তিনি মধ্য এশিয়ার কোনো দেশের নাগরিক। তাকে ধরতে তল্লাশি অভিযান আরও জোরদার করতে আহ্বান জানিয়েছেন দেশটির উপপ্রধানমন্ত্রী নুমান কুরতুলমাস। তিনি বলেছেন, সেই বন্দুকধারীর আঙুলের ছাপ ও গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে।
অারও পড়ুন :-
নৈশ ক্লাবে হামলাকারীর আঙুলের ছাপ মিলেছে