নৈশ ক্লাবে হামলাকারীর আঙুলের ছাপ মিলেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সন্দেহভাজন বন্দুকধারী। ছবিটি তুরস্ক পুলিশ প্রকাশ করেছে। ছবি: রয়টার্স
সন্দেহভাজন বন্দুকধারী। ছবিটি তুরস্ক পুলিশ প্রকাশ করেছে। ছবি: রয়টার্স

ইস্তাম্বুলে নতুন বছর উদ্‌যাপনের উৎসব চলাকালে নৈশ ক্লাবে হামলাকারী সেই বন্দুকধারীর আঙুলের ছাপ ও গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। তাই তাকে ধরতে তল্লাশি অভিযান আরও জোরদার করতে আহ্বান জানিয়েছেন দেশটির উপপ্রধানমন্ত্রী নুমান কুরতুলমাস। তাঁর বরাত দিয়ে আজ মঙ্গলবার বিসিসি অনলাইনের খবরে এ তথ্য জানানো হয়।
পুলিশ এরই মধ্যে হামলাকারী সন্দেহে ১২ জনকে গ্রেপ্তার করেছে।
নৈশ ক্লাবে বন্দুকধারীর গুলিতে দেশি-বিদেশি অন্তত ৩৯ জন নিহত হয়। আহত হয়েছে কমপক্ষে ৪০ জন। হামলার সময় সেখানে অন্তত ৬০০ ব্যক্তি অবস্থান করছিল।
এরই মধ্যে এক বিবৃতি দিয়ে এ হামলার দায় স্বীকার করেছে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)।

কুরতুলমাস সাংবাদিকদের বলেন, ‘আমাদের পরবর্তী ধাপ হবে ওই বন্দুকধারীকে যত দ্রুত সম্ভব শনাক্ত করা। আশা করছি, আমরা শুধু ওই সন্ত্রাসীকেই নয়, এই ক্লাবে হামলা চালাতে তাঁকে বাইরে ও ভেতরে থেকে কে বা কারা সমর্থন জুগিয়েছে, তা খুঁজে বের করতে পারব।’

এরই মধ্যে তুরস্ক পুলিশ সন্দেহভাজন বন্দুকধারীর নতুন কিছু ছবি প্রকাশ করেছে। তবে সময় বা এলাকা সম্পর্কে কোনো তথ্য দেয়নি।

দেশটির গণমাধ্যম একটি ভিডিও প্রকাশ করেছে। সেখানে সন্দেহভাজন বন্দুকধারীকে কাচের ওপার থেকে এক কর্মকর্তাকে তার পরিচয়পত্রের নথি হস্তান্তর করতে দেখা যায়। তবে সেখানেও কোনো সময় ও স্থানের উল্লেখ নেই। বিবিসি বলছে, এই ভিডিওটির সত্যতা যাচাই করা যায়নি।

তবে তুরস্কের গণমাধ্যম পুলিশ সূত্রের বরাত দিয়ে জানায়, ওই হামলাকারী উজবেকিস্তান বা কিরগিজস্তানের নাগরিক হতে পারে।