নৈশক্লাবে হামলার দায় স্বীকার আইএসের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইস্তাম্বুল হামলায় হতাহত যাঁরা
ইস্তাম্বুল হামলায় হতাহত যাঁরা

তুরস্কের ইস্তাম্বুলে গত শনিবার মধ্যরাতের পর একটি নৈশক্লাবে নববর্ষ উদ্যাপন অনুষ্ঠানে গুলি করে ৩৯ জনকে হত্যার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট (আইএস)। গতকাল সোমবার এক বিবৃতিতে জঙ্গি গোষ্ঠীটি এ দায় স্বীকার করে এক বিবৃতি দেয়।
বিবৃতিতে আইএস বলেছে, ‘ক্রুশের রক্ষকদের বিরুদ্ধে ইসলামিক স্টেটের অব্যাহত অভিযানের ধারায় তুরস্কের অন্যতম অভিজাত নৈশক্লাবে হামলা চালিয়েছেন আমাদের একজন বীরযোদ্ধা। ধর্মত্যাগীরা সেখানে নববর্ষ উদ্যাপন করছিল।’
এএফপি জানায়, নৈশক্লাবটিতে রক্তক্ষয়ী হামলা চালিয়ে পালিয়ে যাওয়া বন্দুকধারীর সন্ধানে গতকাল থেকে বড় ধরনের অভিযান শুরু করেছে তুর্কি পুলিশ।
স্থানীয় সময় গত শনিবার রাত সোয়া একটায় হামলাকারী রেইনা নামের নৈশক্লাবটির প্রবেশপথে প্রথমেই এক পুলিশ সদস্য ও একজন সাধারণ লোককে গুলি করে হত্যা করে। পরে ক্লাবের ভেতর উৎসবরত লোকজনের ওপর চড়াও হয় সে। হামলায় ৩৯ জন নিহত হওয়া ছাড়াও আহত হয়েছেন ৬৯ জনের মতো। হতাহত ব্যক্তিদের অনেকেই বিদেশি। গণমাধ্যমের খবর অনুযায়ী, ক্লাবটিতে সে সময় অন্তত ৭০০ লোক ছিলেন। কর্তৃপক্ষ বলেছে, হামলাকারী ছিল একজন। তবে প্রত্যক্ষদর্শী কয়েকজন বলেছেন, হামলাকারী একাধিক হতে পারে।
গণমাধ্যমের খবরে আরও বলা হয়, বন্দুকধারী সাত মিনিটের ওই হামলার সময় ১২০ থেকে ১৮০টি গুলি ছুড়েছে। হামলা থেকে প্রাণে বাঁচতে নৈশক্লাবে উপস্থিত ব্যক্তিদের অনেকে বসফরাসের বরফশীতল পানিতে ঝাঁপ দেন।

ইস্তাম্বুলের নৈশক্লাবে নিহত এক ব্যক্তির শেষকৃত্যে মানুষের ঢল
ইস্তাম্বুলের নৈশক্লাবে নিহত এক ব্যক্তির শেষকৃত্যে মানুষের ঢল

তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম ইস্তাম্বুলে সাংবাদিকদের বলেন, গতকাল পর্যন্ত পালিয়ে যাওয়া হামলাকারীর খোঁজ পাওয়া যায়নি। এ ছাড়া হামলার সময় হামলাকারী সান্তা ক্লজের পোশাকে ছিলেন বলে প্রকাশিত খবরাখবরও ঠিক নয়। ইলদিরিম আরও বলেন, হামলার সূত্র বের করতে পুলিশ ও গোয়েন্দা সংস্থাগুলো কাজ করছে। শিগগিরই এ বিষয়ে দেশবাসীকে জানানো হবে। তবে হামলার ব্যাপারে বিশেষ কোনো গোষ্ঠীর দিকে ইঙ্গিত করেননি তিনি।
আর স্বরাষ্ট্রমন্ত্রী সুলেইমান সইলু বলেন, হামলাকারী ওভারকোটের নিচে বন্দুক লুকিয়ে ক্লাবে ঢুকলেও তাণ্ডব চালিয়ে পোশাক পাল্টে সেখান থেকে বেরিয়ে যায়।
ইতিমধ্যে তুরস্কের বিচার মন্ত্রণালয়ের বরাত দিয়ে দেশটির সরকারি বার্তা সংস্থা আনাদোলু বলেছে, নিহত ব্যক্তিদের মধ্যে ৩৮ জনকে শনাক্ত করা গেছে। তাঁদের মধ্যে ২৭ জন বিদেশি ও ১১ জন তুর্কি। শনাক্ত করা যায়নি একজনকে। আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৬৫ জন।
হামলাস্থল রেইনা ক্লাবটি ছিল ধনাঢ্য বিদেশিদের অন্যতম আকর্ষণস্থল। তাই হামলায় নিহত ব্যক্তিদের বড় অংশই তাঁরা। এই বিদেশি নিহত ব্যক্তিদের মধ্যে জর্ডান, ইরাক, তিউনিসিয়াসহ আরও কয়েকটি দেশের নাগরিক রয়েছেন।
ফ্রান্স বলেছে, হামলায় তিউনিসীয় স্বামীসহ তিউনিসীয়-ফরাসি এক নারী নিহত হয়েছেন। নিহত হয়েছেন ভারতের দুই নাগরিক। ইসরায়েল বলেছে, নিহত হয়েছেন একজন আরব-ইসরায়েলি তরুণীও। নিজেদের দুজন নাগরিক নিহত হওয়ার কথা নিশ্চিত করেছে কানাডা ও রাশিয়া।